বার্লিন/প্যারিস, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- আয়ারল্যান্ড সঙ্কটে ১৬ দেশের ইউরোজোন ভেঙে পড়ার সম্ভাবনা নাকচ করেছে ইইউ।
ইউরোপিয়ান ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি ফ্যাসিলিটি'র (ইএফএসএফ) প্রধান ক্লস রেগলিং এক জার্মান দৈনিককে মঙ্গলবার দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, কোন ধরনের ঝুঁকি নেই। ইউরো ব্যর্থ হবে এমনটা অকল্পনীয়।"
আইরিশ ঋণ সঙ্কটের জেরে কয়েকটি দেশ ইউরো পরিহার করতে পারে বলে জল্পনা সৃষ্টি হয়েছে। তাছাড়া এ সপ্তাহে ডলারের বিপরীতে ইউরোর মান পড়ে গেছে তিন সেন্টেরও বেশি।
তারপরও ইউরো ধসের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন রেগলিং।
তিনি বলেন, স্বেচ্ছায় কোনো দেশ ইউরো পরিহার করবে না। কারণ, দুর্বল কিংবা সবল যে কোনো দেশের জন্যই ইউরো পরিহার করাটা হবে অর্থনৈতিক আত্মহননের শামিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২৩৬ ঘ.
bdnews24