ইয়ংপিয়ং, দক্ষিণ কোরিয়া (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম তায়ে-ইয়ং বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। দক্ষিণ কোরীয় দ্বীপে উত্তর কোরিয়ার গোলা হামলার দুই দিন পর তিনি পদত্যাগ করলেন।
উত্তর কোরিয়ার হামলার জবাব দিতে দক্ষিণ কোরিয়ার ধীরগতি নিয়ে সমালোচনার মুখেই তার এ পদত্যাগ।
ওই হামলার প্রথম রাজনৈতিক শিকার হলেন কিম তায়ে-ইয়ং।
প্রেসিডেন্টের কার্যালয়ের এক কর্মকর্তা বলেছেন, সামরিক পরিস্থিতির ভালোর জন্য এবং এ ধরনের আরো হামলার ঘটনা সামাল দেওয়ার কথা বিবেচনা করে প্রেসিডেন্ট লি মায়ুং-বাক প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
মার্চে উত্তরের টর্পেডো হামলায় দক্ষিণ কোরিয়ার নৌ-জাহাজ চেওনান ডুবির পরও কিম মে মাসে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। কিন্তু তখন প্রেসিডেন্ট লি তাকে পদত্যাগ না করার অনুরোধ জানান।
চেওনান এ হামলায় ৪৬ জন নাবিক প্রাণ হারায়। ওই হামলার জন্য দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়াকে দায়ী করেছে।
এরপর উত্তর কোরিয়া গত মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার ইয়োনপিয়ং দ্বীপে গোলা হামলা চালালে চারজন নিহত হওয়াসহ বেশ কিছু বাড়ি-ঘর ধ্বংস হয়।
দক্ষিণ কোরীয় সেনারা ১৩ মিনিট পর গোলা ছুড়ে ওই হামলার পাল্টা জবাবে দেয়। কিন্তু ওই হামলায় উত্তর কোরিয়ার কোন ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা যায়নি।
প্রেসিডেন্ট লি'র নিজ দল ও বিরোধীদলীয় আইনপ্রণেতাদের অভিযোগ, উত্তরের হামলার জবাব দিতে দক্ষিণের সেনাবাহিনীর অত্যন্ত দেরী করেছে।
তাছাড়া, চেওনান ডুবির ঘটনায়ও দুর্বল জবাবের জন্য সমালোচিত হয়েছে দক্ষিণ কোরিয়া সরকার। উত্তর কোরিয়া ওই হামলার দায় অস্বীকার করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৩৮ ঘ.
bdnews24