২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোরিয়া উপদ্বীপ অভিমুখে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ

যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ বিমানবাহী জাহাজ বুধবার কোরীয় উপদ্বীপের উদ্দেশে রওয়ানা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2010, 07:50 AM

Updated : 25 Aug 2022, 07:40 PM

ইনচেওন, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ বিমানবাহী জাহাজ বুধবার কোরীয় উপদ্বীপের উদ্দেশে রওয়ানা দিয়েছে। মঙ্গলবার দক্ষিণ কোরীয় দ্বীপে উত্তর কোরিয়ার গোলাবৃষ্টির পর যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ কোরীয় উপদ্বীপে পাড়ি জমালো। সিউল থেকে মার্কিন কর্মকর্তারা জানান, পরমাণু শক্তি সমৃদ্ধ ইউএসএস জর্জ ওয়াশিংটন বুধবার সকালে টোকিওর দক্ষিণের একটি নৌ ঘাঁটি থেকে রওয়ানা হয়েছে। এতে ৭৫টি যুদ্ধ বিমান ও ৬ হাজারেরও বেশি ক্রু রয়েছে। জাহাজটি দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে। এ মহড়া রোববার থেকে শুরু হয়ে আগামী বুধবার পর্যন্ত চলবে। তবে ইউএস ফোর্সেস কোরিয়া এক বিবৃতিতে জানিয়েছে, "এটি একটি প্রতিরক্ষামূলক মহড়া। গতকাল বিনা উস্কানিতে যে গোলা হামলা হয়েছে তার আগেই এ মহড়ার পরিকল্পনা হয়েছে। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা ও যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার জোটকে শক্তিশালী করার লক্ষে এ মহড়া সাজানো হয়েছে।" ওদিকে, দক্ষিণ কোরিয়ার ইয়নপিয়ং দ্বীপে গোলা হামলার পর সেখানে আরো দু টি লাশ পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি। ফলে মঙ্গলবার গোলা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ জনে। এর মধ্যে দুজন দক্ষিণ কোরিয়ার নৌ সেনা। আর বাকি দুজন বেসামরিক নাগরিক। এ ঘটনার পর দক্ষিণ কোরিয়া ইতোমধ্যেই উত্তরকে শক্ত জবাব দেওয়ার হুমকি দিয়েছে। আর ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রও তাৎক্ষণিকভাবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ মহড়ার ঘোষণা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা উত্তর কোরিয়ার গোলা নিক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন। সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার আশঙ্কা সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। এ ব্যাপারে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়ুং বাকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ওবামা। পামাপাশি উত্তর কোরিয়াকে এ ধরনের উস্কানিমূলক আচরণ বন্ধের জন্য চাপও দিয়েছেন। ওদিকে দক্ষিণ কোরিয়ার বন্দর শহর ইনচেওনে উপকূলরক্ষী কিম ডং-জিন রয়টার্সকে বলেন, "আমরা প্রায় যুদ্ধাবস্থার মধ্যে আছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩৪৫ঘ.