ডাবলিন/লন্ডন, নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---অর্থসহায়তার প্রয়োজন নেই বলার পর শেষ পর্যন্ত তা নেওয়ার পথেই যেতে হচ্ছে আয়ারল্যান্ডকে। ইইউ ও আইএমএফ এর কাছ থেকে আয়ারল্যান্ড তিন বছরের 'বেইল আউট প্যাকেজ' নিচ্ছে।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আন্তর্জাতিদক মুদ্রা তহবিল (আইএমএফ) এর সঙ্গে আলোচনা করে ডাবলিন রোববার এ ঋণ নিতে নীতিগতভাবে রাজি হয়েছে। মোট ৮০ থেকে ৯০ বিলিয়ন ইউরো ঋণ পেতে পারে আয়ারল্যান্ড।
এ তহবিল নিয়ে তাদেরকে ধসে পড়া অর্থনীতি বিশেষ করে ব্যাংকিং খাত সামাল দিতে হবে। আয়ারল্যান্ড এ ঋণ নিতে রাজি হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে ইইউ। অর্থবাজারেও দেখা গেছে কিছুটা চাঙ্গাভাব।
এর মধ্য দিয়ে গ্রিসের পথেই হাঁটছে আয়ারল্যান্ড। গ্রিসকে অর্থনীতি পুনরুদ্ধার তহবিল দেওয়ার ছয়মাসের মধ্যে ইউরোজোনে আরেক দেশ আয়ারল্যান্ডকে এ অর্থসহায়তা দেওয়া হচ্ছে।
ইউরোজোনের মন্ত্রীরা আয়ারল্যান্ডের জন্য অর্থসহায়তা অুমোদন করার পর অস্ট্রিয়ার অর্থমন্ত্রী জোসেফ প্রয়েল সোমবার বলেছেন, "আয়ারল্যান্ডকে সাহায্য করা জরুরি। তা নাহলে গোটা ইউরোজোন বিপদে পড়বে।"
আয়ারল্যান্ড অর্থসহায়তা নিতে রাজি হওয়ার পরপরই দেশে চার বছরের একটি বাজেট পরিকল্পনা করার কথা জানিয়েছে। বুধবার এ পরিকল্পনা ঘোষণা করা হবে।
তার আগে সোমবার ১৫ বিলিয়ন ইউরোর ব্যয়সঙ্কোচন পরিকল্পনা চূড়ান্ত করার চেষ্টা চালাবে সরকার।
আর এদিনই ইইউ ও আইএমএফ এর সঙ্গে আলোচনা করে ঋণের ব্যাপারে যাবতীয় খুঁটিনাটি স্থির করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এই ঋণ পরিশোধ করতে আয়ারল্যান্ডকেও গ্রিসের মতো কঠোর ব্যয়সঙ্কোচন কর্মসূচি নিতে হবে। এর আওতায় সরকারের ব্যয় কমবে ১০ বিলিয়ন ইউরো। কর বাড়বে ৫ বিলিয়ন ইউরো।
এছাড়াও এ পরিকল্পনার আওতায় নূন্যতম মজুরি হ্রাস, সমাজকল্যাণ ব্যয় কমানো, সরকারি কর্মচারি কাটছাঁট করাসহ সম্পদের ওপর নতুন করে কর ধার্য করাসহ আয়করও বাড়াতে হবে সরকারকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭০৪ ঘ.
bdnews24