জেনেভা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হাইতির কলেরা মহামারি পার্শ্ববর্তী রাষ্ট্র ডোমিনিকান রিপাবলিকে ছড়িয়ে পড়লেও তা তেমন ভয়াবহ রূপ নেবে না এবং য়তিও তুলনামূলক কম হবে বলে শুক্রবার জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
ডব্লিউএইচও'র মুখপাত্র গ্রেগরি হার্টেল জেনেভায় জাতিসংঘের এক সাংবাদিক সম্মেলনে বলেন, হাইতির অনেক নাগরিক ডোমিনিকান রিপাবলিকে কাজ করেন। আর কলেরা সংক্রমণ কোনো পূর্বাভাস না দিয়েই হঠাৎ করেই শুরু হয়ে যায়।
ফলে সীমানা পেরিয়ে পানিবাহিত এই রোগটি ডোমেনিকান রিপাবলিকে ছড়িয়ে পড়া ঠেকানো অসম্ভব।
হার্টেল বলেন, "ডোমিনিকান রিপাবলিকেও মানুষের কলেরা ধরা পড়বে এটি স্বাভাবিক। আর ইতোমধ্যেই প্রথম একজন কলেরা রোগী আমরা পেয়েছি। আর সঙ্গে সঙ্গেই ডোমেনিকান রিপাবলিক সরকারের সঙ্গে এ রোগের বিস্তার ঠেকাতে আগাম প্রস্তুতির জন্য কাজ করছি।"
তিনি আরো জানান, "এখনো পর্যন্ত ডোমিনিকান রিপাবলিকে কলেরা সংক্রমণ একক সংখ্যার ঘর অতিক্রম করেনি।"
তবে স্বাস্থ্যসম্মত পরিবেশের কারণে ডোমিনিকান রিপাবলিকে কলেরা মারাত্মক আকার ধারণ করবে না এবং পরিস্থিতি হাইতির মতো খারাপ অবস্থায় পৌঁছবে না বলেই আশা প্রকাশ করেছেন হু এর মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমায়ার।
হাইতিতে কলেরা মহামারিতে সর্বশেষ ১১১০ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে আক্রান্ত হয়ে পড়েছে ১৮ হাজারেরও বেশি মানুষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এলকিউ/১৮২৬ঘ.
bdnews24