ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জান্তা শাসিত মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির মুক্তির আদেশে সেনা কর্তৃপক্ষ স্বাক্ষর করেছে বলে শুক্রবার খবর পাওয়া গেছে।
বিবিসি জানিয়েছে, ইয়াঙ্গুনে সু চির বাড়ির বাইরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনো পর্যন্ত এ ব্যাপারে সরকারিভাবে কোনো ঘোষণা আসেনি।
শান্তিতে নোবেলজয়ী মিয়ানমারের এই নেত্রী গত ২১ বছরের মধ্যে ১৫ বছরই গৃহবন্দি রয়েছেন।
ব্যাংককে নিযুক্ত বিবিসির প্রতিনিধি জানিয়েছেন, মিয়ানমারের অভ্যন্তরে অনেক সূত্রই তাকে নিশ্চিত করেছে, সু চির মুক্তির আদেশে স্বাক্ষর করেছে সামরিক কর্তৃপক্ষ।
তিনি আরো জানিয়েছেন, সু চি যে বাড়িতে গৃহবন্দি রয়েছেন তার বাইরে বিপুল সংখ্যক পুলিশের তৎপরতা দেখা গেছে। পাশাপাশি মুক্তি পাওয়ার পর সু চিকে বরণ করে নেয়ার জন্য তার রাজনৈতিক দলের প্রধান কার্যালয়েও প্রচুর নেতাকর্মী জমায়েত হয়েছেন বলে জানা গেছে।
গত বছরই তার আটকাদেশের মেয়াদ শেষ হয়। কিন্তু এক মার্কিন নাগরিক সু চির বাড়ির লেক সাঁতরে পাড় হয়ে তার সঙ্গে দেখা করতে গেলে নিরাপত্তা ভঙ্গজনিত অজুহাতে গত বছর অগাস্টে তাকে ১৮ মাসের জন্য গৃহবন্দি করে রাখার আদেশ দেয় আদালত।
এর আগে বৃহস্পতিবার সু চির আটকাদেশের বিরুদ্ধে একটি আপিল খারিজ করে দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।
যদিও ওই আটকাদেশের মেয়াদ ইতোমধ্যে প্রায় শেষ করে ফেলেছেন তিনি। গৃহবন্দি থাকাকালীন নিয়ম ভঙ্গের যে অভিযোগ জান্তা সরকার আনে তার বিরুদ্ধে এটিই ছিল সু চির সর্বশেষ সুযোগ।
১৩ নভেম্বর এই আটকাদেশের মেয়াদ পূর্ণ হবে। সেজন্য ধারণা করা হচ্ছিল শনিবার মুক্তি পেতে পারেন সু চি।
সু চির আপিল খারিজ হয়ে যাওয়া প্রসঙ্গে তার আইনজীবী নায়ান উইন বলেছেন, "এই (আদালতের) সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল। এই রায়ে আমাদের দেশের বিচারব্যবস্থার প্রকৃত চিত্র প্রতিফলিত হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৪৮ঘ.
bdnews24