২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব অর্থনীতিতে ভারসাম্য আনার চেষ্টায় জি-টোয়েন্টি

দক্ষিণ কোরিয়ার রাজধানী সউলের জি-টোয়েন্টি সম্মেলনে বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধার এবং অর্থনীতিতে ভারসাম্য আনতে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছার চেষ্টা চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2010, 04:42 PM

Updated : 25 Aug 2022, 07:35 PM

সউল, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দক্ষিণ কোরিয়ার রাজধানী সউলের জি-টোয়েন্টি সম্মেলনে বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধার এবং অর্থনীতিতে ভারসাম্য আনতে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছার চেষ্টা চলছে। দুবছর আগে বিশ্বে গুরুতর অর্থনৈতিক সঙ্কটের সময় রপ্তানীকারক ধনী ও ঋণ জর্জরিত দেশগুলোর মধ্যকার ভারসাম্যহীনতা থেকে সৃষ্ট মুদ্রা বিনিময়হারের অস্থিতিশীলতা সামাল দিতে যে সম্মিলিত উদ্যোগ দেখা গিয়েছিলো এ সম্মেলনে তাই আবার ফিরে পাওয়ার আশা করছেন নেতারা। আয়ারল্যান্ডের ঋণ পরিশোধের সক্ষমতা নিয়ে সৃষ্ট নতুন সঙ্কটের পাশাপাশি চীনের মুদ্রামান কমিয়ে রপ্তানি বাণিজ্যে সুবিধা নেওয়ার কৌশল, সরকারি বন্ড কিনতে যুক্তরাষ্ট্রে ডলারের মান কমানোসহ সার্বিকভাবে ঋণদাতা ও ঋণগ্রহীতা দেশগুলোর বাণিজ্যে ভারসাম্যহীনতা ও বিশ্বের মুদ্রামানের অস্থিতিশীলতা নিয়ে যে সঙ্কট দেখা দিয়েছে তা সামাল দিতে নেতারা সর্বসম্মতিক্রমে একটি সমাধানসূত্রে পৌঁছার চেষ্টায় জোর আলোচনা চালাচ্ছেন। কিভাবে বিশ্বে অর্থনৈতিক ভারসাম্য আনা যায় তা নিয়েই মতৈক্যে পৌঁছার চেষ্টা করছেন তারা। নেতারা বিশ্ব অর্থনীতিকে আরো ভারসাম্যপূর্ণ করতে এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনের একটি ফরমূলা খুঁজে পেতে সক্ষম হবেন বলে আস্থা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু বিশ্বে অর্থনৈতিক ভারসাম্যহীনতা দূর করার সবচেয়ে ভালো উপায় কি তা নিয়ে সম্মেলনে একমত হতে পারছেন না নেতারা। তাছাড়া মুদ্রাবিনিময় হারের অস্থিতিশীলতা দূর করার পদক্ষেপ নিয়েও তাদের মধ্যে বনিবনা হচ্ছে না। ওদিকে, 'মুদ্রাযুদ্ধ' ও বাণিজ্যিক ভারসাম্যহীনতা নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের বিরোধ সম্মেলনে বাকযুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওবামা সম্মেলন শুরুর আগেই বিশ্ব অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠায় নেতাদেরকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানালেও বিশ্ব বাণিজ্যের প্রতিযোগিতামূলক বাজারে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠায় একটি অভিন্ন রূপরেখা তৈরি করা সহজ নয় বলেই সম্মেলনে প্রতীয়মান হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২৩৮ ঘ.