হ্যানয়, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বে ধান উৎপাদন বাড়াতে এবং প্রকৃতিতে ধান উৎপাদনের বিরূপ প্রতিক্রিয়া কমাতে বুধবার বিজ্ঞানীরা ৬০ কোটি ডলারের প্রকল্প হাতে নিয়েছে।
এর ফলে ২০৩৫ সালের মধ্যে বিশ্বের ১৫০ মিলিয়ন মানুষ দারিদ্রের হাত থেকে মুক্তি পাবে বলে তারা জানিয়েছেন।
ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে প্রায় ৭০ টি দেশের ধান গবেষক, নির্বাহী কর্মকর্তা, নীতি-নির্ধারক ও ব্যবসায়ীদের বৈঠকে এ প্রকল্প হাতে নেয় আন্তর্জাতিক ধান গবেষণা ইন্সস্টিটিউট (আইআরআরআই) ও এর সহযোগী সংগঠনগুলো।
প্রকল্পের আওতায় 'দ্য গ্লোবাল রাইস সাইন্স পার্টনারশিপ' ধান উৎপাদন বাড়াতে আগামী পাঁচ বছরে নতুন নতুন গবেষণাকাজ পরিচালনার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের হুমকি ও বন্যার মুখেও টিকে থাকতে সক্ষম একটি বিশেষ জাতের ধান উৎপাদনের চেষ্টা চালাবে।
তাছাড়া, উন্নতমানের সেচ পদ্ধতিকে কাজে লাগিয়ে এবং গাছ কাটা রোধ করে ধান উৎপাদনের বিরূপ প্রতিক্রিয়ায় নির্গত ১ বিলিয়ন টনের সমপরিমাণ গ্রিনহাউস গ্যাস কমানোও এ নতুন গবেষণার লক্ষ্য।
আইআরআরআই এর মহাপরিচালক রবার্ট জিগলার এক মন্তব্যে বলেছেন, বিশ্বের জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষের এবং উন্নয়নশীল বিশ্বের বেশির ভাগ দেশেই ধান প্রধান খাদ্যসশ্য।
তাই ধান সহজলভ্য করে তোলার প্রয়োজনীয়তা প্রশ্নাতীত এবং ধানের সহজলভ্যতা মানেই খাদ্য নিরাপত্তা নিশ্চিত হওয়া।
ধানের বাড়তি ফলন হলে কৃষকদেরকে আবাদি জমির পরিমাণও বাড়াতে হবে না। এতে করে বাঁচবে পরিবেশ রক্ষার জন্য প্রয়োজনীয় বন, জলাভূমি ও জীব বৈচিত্র্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১১৯ ঘ.
bdnews24