ইয়াঙ্গুন, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির আটকাদেশের বিরুদ্ধে একটি আপিল খারিজ করে দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। সু চির আইনজীবী নায়ান উইন বৃহস্পতিবার এ কথা বলেন।
যদিও ওই আটকাদেশের মেয়াদ ইতোমধ্যে প্রায় শেষ করে ফেলেছেন তিনি। গৃহবন্দি থাকাকালীন নিয়ম ভঙ্গের যে অভিযোগ জান্তা সরকার আনে তার বিরুদ্ধে এটিই ছিল সু চির সর্বশেষ সুযোগ।
আগামী ১৩ নভেম্বর এই আটকাদেশের মেয়াদ শেষ হতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে শনিবার মুক্তি পেতে যাচ্ছেন সু চি।
বিবিসিসূত্রে জানা গেছে আইনজীবী নায়ান উইন বলেছেন, "এই (আদালতের) সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল। এই রায়ে আমাদের দেশের বিচারব্যবস্থার প্রকৃত চিত্র প্রতিফলিত হয়েছে।"
আদালতের এই রায়ে তার মুক্তি বাধাগ্রস্ত হবে না বলেই ধারণা করা হচ্ছে। তবে শর্তসাপেক্ষে গৃহবন্দিত্ব থেকে মুক্তির বিষয়টি সু চি মেনে নেবেন না বলেও তার আইনজীবী জানিয়েছেন।
সু চির আইনজীবী উইন বলেন, "১৩ নভেম্বর তার গৃহবন্দিত্বের মেয়াদ শেষ শেষ হচ্ছে। ফলে জান্তা সরকারকে এদিন বা তার আগেই তাকে মুক্তি দিতে হবে। আর তা হতে হবে নিঃশর্ত।"
"কারণ, সু চি বেঁধে দেওয়া কোনো শর্তসাপেক্ষে মুক্তি মানবেন না। আর আমরা সবাই এও জানি যে, অতীতেও তিনি এ ধরনের মুক্তি মেনে নেননি।"
শান্তিতে নোবেলজয়ী মিয়ানমারের এই নেত্রী গত ২১ বছরের মধ্যে ১৫ বছরই গৃহবন্দি রয়েছেন।
গত বছরই তার আটকাদেশের মেয়াদ শেষ হয়। কিন্তু এক মার্কিন তার বাড়ির লেক সাঁতরে পাড় হয়ে তার সঙ্গে দেখা করতে গেলে নিরাপত্তা ভঙ্গজনিত অজুহাতে গত বছর অগাস্টে তাকে ১৮ মাসের জন্য গৃহবন্দি করে রাখার আদেশ দেয় আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪০৮ঘ.
bdnews24