কুয়ালালামপুর, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তান ও আফগানিস্তানে আলকায়েদা ঘাঁটির বাইরে ইয়েমেনের মত জায়গায় আলকায়েদার বিস্তার ঠেকাতে প্রয়োজনীয় সম্পদ ও মিত্র যুক্তরাষ্ট্রের আছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস মঙ্গলবার একথা বলেছেন।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরে টুইন টাওয়ারে হামলার পর থেকে ৯ বছরে ইয়েমেন, সোমালিয়ার মতো গোলযোগপূর্ণ দেশগুলোতে আল কায়েদার উত্থান যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য হুমকিস্বরূপ।
গত ডিসেম্বরে বড়দিনে যুক্তরাষ্ট্রগামী যাত্রীবাহী বিমানে বোমা হামলা প্রচেষ্টা এবং সম্প্রতি গত মাসে যুক্তরাষ্ট্রের উদ্দেশে পণ্যবাহী বিমানে পার্সেল বোমা পাঠানোর চেষ্টা-- দুটি ঘটনারই দায় স্বীকার করেছে ইয়েমেনের আল কায়েদা শাখা ও আরব উপদ্বীপের আল কায়দা গোষ্ঠী।
মালয়েশিয়া সফরকালে গেটস সাংবাদিকদের বলেন, আল কায়েদা এভাবে আরো সম্প্রসারিত হচ্ছে এবং শক্তিবৃদ্ধি ঘটে চলেছে। কিন্তু আশার কথা এই যে, আমাদের শক্তিশালী কয়েকটি মিত্র তাদের নিজেদের স্বার্থেই এ সমস্যা মোকাবেলায় কাজ করছে।
এ লড়াইয়ে আমরা একা নই। আর এ কারণেই আল কায়েদার প্রসার ঠেকাতে আমরা প্রয়োজনীয় সম্পদ এবং সক্ষমতা নিয়ে কাজ করে যেতে পারব সে আস্থা আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২৪৫ ঘ.
bdnews24