মেলবোর্ন, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা কাজ করতে শুরু করেছে। এ ধরনের বেসামরিক পদক্ষেপের মাধ্যমে চাপ সৃষ্টি করে দেশটিকে পরমাণু কর্মসূচি বন্ধে বাধ্য করা সম্ভব হবে বলে মনে করছে যুক্তরাষ্ট্র।
সোমবার মেলবোর্নে এক সংবাদ সম্মেলনে এই আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস।
অন্যদিকে এক ইসরায়েলি রাজনৈতিক সূত্র জানিয়েছে, একমাত্র সামরিক পদক্ষেপই ইরানকে পরমাণু অস্ত্র তৈরির পথ থেকে সরিয়ে আনতে পারে বলে রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে বলেছেন।
অস্ট্রেলিয়ার সঙ্গে নিরাপত্তা আলোচনার পর এক সংবাদ সম্মেলনে গেটস বলেন, "একমাত্র সামরিক পদক্ষেপই ইরানকে পরমাণু অস্ত্র তৈরির কর্মসূচি থেকে সরিয়ে আনতে পারে বলে যে ধারণা, আমি তার সঙ্গে দ্বিমত পোষণ করছি।"
তিনি বলেন, "আমরা প্রয়োজনীয় সবকিছু করতে প্রস্তুত। তবে ইরানের বিরুদ্ধে যেসব রাজনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ আমরা গ্রহণ করেছি সেগুলো কাজ করছে বলেই আমরা বিশ্বাস করি।"
তবে ইরানকে পরমাণু কর্মসূচি থেকে ফিরিয়ে আনতে অন্য পদ্ধতিগুলো বাতিল করে দেওয়া হয়নি বলেও তিনি জানান।
ইরান পরমাণু বোমা বানানোর লক্ষ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে বলে পশ্চিমা বিশ্ব অভিযোগ করে আসছে। তবে বরাবরই এ অভিযোগ অস্বীকার করে বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি চালাচ্ছে বলে দাবি করে আসছে ইরান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪২৪ঘ.
bdnews24