ডানেনবার্গ, জার্মানি, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ফ্রান্স থেকে জার্মানিতে পরমাণু বর্জ্য আনা ঠেকাতে জার্মানির পরমাণু-বিরোধী কর্মীদের সঙ্গে রোববার পুলিশের সংঘর্ষ হয়েছে।
লেইটস্টেড শহরের কাছে পরমাণু বর্জ্যবাহী ট্রেনটি আটকে দেওয়ার চেষ্টায় রেল লাইন অবরূদ্ধ করে রাখে বিক্ষোভকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
পুলিশের এক মুখপাত্র জানিয়েছে, প্রায় ২৫০ জন কর্মী পরমাণু বর্জ্য আধারের কাছাকাছি রেল লাইন ভেঙে দেওয়ার চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস ও ফ্লেয়ার গান ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
অন্য এক পুলিশ মুখপাত্র জানিয়েছে, "পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে।"
সহিংস কর্মীদের নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জসহ কাঁদানে গ্যাস ও জল কামান নিক্ষেপ করে।
লেইটস্টেড শহরের কাছে থাকা এই বিক্ষোভকারীরা ট্রেনটি থামাতে সমবেত হওয়া প্রায় ৪ হাজার বিক্ষোভকারীর একাংশ মাত্র।
পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়ি জ্বালিয়ে দিয়েছে।
স্থানীয় গণমাধ্যমে বিক্ষোভকারীদের বরাত দিয়ে বলা হয়েছে, বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছে। কিন্তু পুলিশ এ ব্যাপারে কিছু জানায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএমটি/২১৪০ ঘ.
bdnews24