বৈরুত, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ২০১৫ সালের শুরুর দিকে পৃথিবীর শুষ্ক অঞ্চল আরব বিশ্ব মারাত্মক পানি সঙ্কটে পড়বে। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে একথাই বলা হয়েছে।
'আরব ফোরাম ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট' (এএফইডি) এর এ প্রতিবেদনে বলা হয়েছে, আরব বিশ্বকে প্রতিবছর মাথাপিছু ৫০০ কিউবিক মিটার পানির ওপর নির্ভর করে বেঁচে থাকতে হবে যা গোটা বিশ্বে ব্যবহার্য গড় পানির চেয়ে দশগুণ কম।
বিশ্বের অন্যান্য অঞ্চলে গড়ে মাথাপিছু পানির ব্যবহার ৬ হাজার কিউবিক মিটারের বেশি।
প্রতিবেদনে বলা হয়েছে, "আরব বিশ্ব এমনিতেই পানি সংকটে ভুগছে। কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এ সঙ্কট আরো প্রকট আকার ধারণ করবে।"
১৯৬০ সালের তুলনায় আরব বিশ্বে মাথাপিছু পানির ব্যবহার এক-চতুর্থাংশ কমে গেছে।
জাতিসংঘের অনুমাননির্ভর এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুত জনসংখ্যা বৃদ্ধিও পানির উৎসগুলোতে বাড়তি চাপ সৃষ্টি করবে।
আরব বিশ্বে বর্তমানে জনসংখ্যা প্রায় ৩৬০ মিলিয়ন। ২০৫০ সাল নাগাদ তা বেড়ে ৬শ মিলিয়নের কাছাকাছি পৌঁছবে।
তার ওপর রয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব।
এ সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, এ শতাব্দীর শেষ নাগাদ আরব দেশগুলোতে বৃষ্টিপাত ২৫ শতাংশ কমে যেতে পারে। আবার জলীয়বাষ্পের হার বেড়ে যেতে পারে ২৫ শতাংশ।
ফলে অনাবৃষ্টির কারণে কৃষি হুমকির মুখে পড়বে এবং কৃষি উৎপাদন গড়ে ২০ শতাংশ কমে আসবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২৫৬ ঘ.
bdnews24