স্লেমান, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইন্দোনেশিয়ার মাউন্ট মেরাপি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে শুক্রবার নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ জনে। এ নিয়ে ১০ দিনের অগ্ন্যুৎপাতে ১০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটল।
এছাড়াও প্রাকৃতিক এই দুর্যোগের কারণে ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে গেছে দেড়লাখেরও বেশি মানুষ।
শুক্রবার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত আরো বেড়ে ছাইমেঘে ঢেকে যাচ্ছে আশপাশের এলাকা।
জাভার যোগিয়াকার্তার উপশহরের মাউন্ট মেরাপি আগ্নেয়গিরি থেকে গত সপ্তাহে ছাইমেঘ ও উত্তপ্ত গ্যাস উদগীরণ শুরু হয়।
ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থপনা সংস্থার দুর্যোগের ঝুঁকিহ্রাস বিষয়ক পরিচালক সুতোপো পুরবো নুগরোহো বলেন, গত ২৪ ঘণ্টায় নিহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে।
যোগিয়াকার্তার পুলিশ আইডেন্টিফিকেশন ইউনিটের ডাক্তার রিজালের উদ্ধৃতি দিয়ে মেট্রো টিভি শুক্রবার বলেছে, যোগিয়াকার্তার সার্জিটো হাসপাতালে অন্ততপক্ষে ৫৮ টি মৃতদেহ আনা হয়েছে।
অনুসন্ধান কাজ চলছে এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান তিনি।
মাউন্ট মেরাপির জ্বালামুখের অন্তত চার কিলোমিটার উপরে ছাই উঠছে।
এ কারণে আগ্নেয়গিরির চারপাশের ২০ কিলোমিটার এলাকায় বসবাসকারী গ্রামবাসীকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে বলে জানান দেশটির শীর্ষ আগ্নেয়গিরি বিশেষজ্ঞ সুরোনো।
বন্ধ হয়েছে গেছে যোগিয়াকার্তার আন্তর্জাতিক বিমানবন্দর এবং কাছাকাছি সোলো দ্বীপ অভিমুখে যোগিয়াকার্তার ফ্লাইটগুলোর গতিপথ পরিবর্তন করা হয়েছে।
আগ্নেয়গিরিটির উদগিরণ শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ২শ মানুষ আহত হয়েছে। উদগীরণ আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
সুরোনো বলেন, "অতীতের তুলনায় এটা অনেক বেশি খারাপ অবস্থায় আছে। আমরা এর লক্ষণ বুঝতে পারছি না।"
ওদিকে, গত সপ্তাহে সুমাত্রার মেন্টাবি দ্বীপে সুনামি আঘাত হানলে কমপক্ষে ৪ শ' ৩১ জন নিহত হয়।
সুনামির সেই ক্ষত এখনো কাটিয়ে উঠতে পারেনি দেশটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/এলকিউ/১৩২২ঘ.
bdnews24