২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুরিল দ্বীপ নিয়ে রাশিয়া-জাপান উত্তেজনা, দূত প্রত্যাহার

কুরিল দ্বীপকে কেন্দ্র করে রাশিয়া ও জাপানের উত্তেজনার মধ্যে টোকিও মঙ্গলবার মস্কো থেকে সাময়িকভাবে তাদের দূত প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2010, 02:44 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

টোকিও, নভেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)-----কুরিল দ্বীপকে কেন্দ্র করে রাশিয়া ও জাপানের উত্তেজনার মধ্যে টোকিও মঙ্গলবার মস্কো থেকে সাময়িকভাবে তাদের দূত প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে। সোমবার কুরিল দ্বীপে রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সফরের পর দু'দেশের মধ্যে নতুন করে বিরোধ দেখা দেয়। তার এ সফরকে অত্যন্ত দুঃখজনক বলে সমালোচনা করেন জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান। অন্যদিকে, জাপানের প্রধানমন্ত্রীর মন্তব্য মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। দুপক্ষের এ উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্যে জাপানের পররাষ্ট্রমন্ত্রী সেইজি মায়েহারা মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে মস্কোয় নিযুক্ত টোকিওর দূতকে সাময়িকভাবে দেশে ডেকে পাঠানোর ঘোষণা দিলেন। তিনি বলেন, "আমাদের আঞ্চলিক সমস্যা আছে। এ সমস্যা সমাধান করা প্রয়োজন।" জাপান এ ঘোষণা দেওয়ার পরপরই এক প্রতিক্রিয়ায় রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ নরওয়েতে সাংবাদিকদের বলেন, টোকিও'র এমন কঠোর জবাব মেনে নেওয়া যায় না। জাপানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় এমন কিছু রাশিয়া করেনি বলে দাবি করেন তিনি। উল্লেখ্য, মস্কো ও টোকিওর মধ্যে দীর্ঘদিন থেকেই কুরিল দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে। উভয় দেশই কুরিল দ্বীপপুঞ্জের মালিকানা দাবি করে আসছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দ্বীপপুঞ্জটি রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। জাপানিরা দ্বীপপুঞ্জটিকে সাউদার্ন টেরিটোরিজ বলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২০৩৪ ঘ.