এথেন্স, নভেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- গ্রিসের রাজধানী এথেন্সের সুইস দূতাবাসে মঙ্গলবার বোমা বিস্ফোরণ ঘটেছে। তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
গ্রিসের পুলিশ কর্মকর্তারা একথা জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এথেন্সে সুইজারল্যান্ডের দূতাবাসে একটি ছোটখাটো বোমা বিস্ফোরণ ঘটেছে। এ পর্যন্ত আমরা হতাহতের কোনো খবর পাইনি।
সোমবার গ্রিসের পুলিশ ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সার্কোজির উদ্দেশে পাঠানো পার্সেল বোমাসহ আরো প্রায় ৩ টি দূতাবাসে পাঠানো পার্সেল বোমা উদ্ধারের পর এথেন্সের সুইস দূতাবাসে নতুন করে বোমা বিস্ফোরণের এ ঘটনা ঘটল।
পুলিশ অন্য দুটি দূতাবাসেও সন্দেহজনক প্যাকেট পেয়েছে। চিলি এবং বুলগেরিয়ার দূতাবাসে পাওয়া গেছে পার্সেল বোমা।
ওদিকে, পার্লামেন্টের বাইরে খুঁজে পাওয়া একটি পার্সেল বোমায় চিলি দূতাবাসের ঠিকানা লেখা রয়েছে। তবে এ পার্সেলে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।
অন্যদিকে, জার্মান দূতাবাসের ঠিকানায় পাঠানো আরেকটি পার্সেল বোমা ধরা পড়েছে কুরিয়ার সার্ভিস কোম্পানির কার্যালয়ে।
এ ঘটনার পেছনে গ্রিক বামপন্থি গেরিলারা জড়িত বলে ধারণা করছে পুলিশ।
২০০৮ সালে পুলিশের হাতে এক কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে বড় ধরনের দাঙ্গা ছড়িয়ে পড়ার পর থেকে গ্রিসে প্রায়ই ছোট বোমা এবং গ্যাস কন্টেইনার বিস্ফোরণের ঘটনা ঘটছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৩০ ঘ.
bdnews24