২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যবর্তী নির্বাচনে অগ্নিপরীক্ষায় ওবামা

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে মঙ্গলবার ভোট দিচ্ছে মর্কিনিরা। প্রেসিডেন্ট বারাক ওবামার জন্য কঠিন পরীক্ষা হিসাবেই দেখা হচ্ছে এ নির্বাচনকে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2010, 11:45 AM

Updated : 25 Aug 2022, 07:32 PM

ওয়াশিংটন, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে মঙ্গলবার ভোট দিচ্ছে মর্কিনিরা। প্রেসিডেন্ট বারাক ওবামার জন্য কঠিন পরীক্ষা হিসাবেই দেখা হচ্ছে এ নির্বাচনকে। ভোর হওয়ার আগেই ভোট গ্রহণ শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের পূর্ব-উপকূলীয় কিছু এলাকা এবং মিডওয়েস্টে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। আলাস্কায় ০৪০০ জিএমটি তে সর্বশেষ ভোটের মধ্য দিয়ে ভোটগ্রহণ শেষ হবে। এ নির্বাচনে মার্কিন কংগ্রেসের নিুকক্ষ প্রতিনিধি পরিষদে ওবামার ডেমোক্র্যাটিক পার্টি সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে বলে মনে করা হচ্ছে। তাছাড়া সিনেটেও ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা হুমকির মুখে পড়েছে। জনমত জরিপে রিপাবলিকানদের চেয়ে এখন পর্যন্ত পিছিয়ে আছে ডেমোক্র্যাটরা। প্রতিনিধি পরিষদ এবং সিনেট দুকক্ষেই রিপাবলিকনরা ভালো ফল করবে বলে জরিপের ফলাফলে আভাস মিলছে। এমন হলে কংগ্রেসে নিয়ন্ত্রণ ধরে রাখা কঠিন হবে ডেমোক্র্যাটদের জন্য। ডেমোক্র্যাটদের অর্থনৈতিক নীতিতে ভোটারদের অসন্তুষ্টিই নির্বাচনে রিপাবলিকানদের জন্য আশীর্বাদ হয়ে দেখা দিচ্ছে। রিপাবলিকান প্রার্থীকে ভোট দেওয়া এক ভোটার পিটার রুইজের উক্তি, "ডেমোক্র্যাটদের অর্থনৈতিক পরিকল্পনা কাজে আসছে না। তাই আমাদের অন্য কিছুর জন্য চেষ্টা করা উচিত।" আবার অনেক ভোটারই মূলত সরকারের খরচ এবং স্বাস্থ্য পরিষেবায় ওবামার ব্যাপক রদবদল নিয়ে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ওবামা প্রশাসন স্বাস্থ্যপরিসেবাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন এক ভোটার। যুক্তরাষ্ট্রের দুই কক্ষ বিশিষ্ট কংগ্রেসের প্রতিনিধি পরিষদে ৪৩৫টি আসন ছাড়াও ১০০ আসনের সিনেটের ৩৭টিতে এবং ৫০টি অঙ্গরাজ্যের ৩৭টিতে রাজ্য সরকার নির্বাচনে ভোট দিচ্ছে মার্কিনিরা। সিনেটের ৫১টি আসন নিশ্চিত করতে পারলেই উচ্চকক্ষে নিয়ন্ত্রণ লাভ করবে রিপাবলিকানরা। আর সিনেটে বর্তমানে ৫৭টি আসন ডেমোক্র্যাটদের ও ৪১টি আসন রিপাবলিকানদের। এছাড়া, বাকি দুটি আসন স্বতন্ত্র সিনেটরের। ওদিকে, প্রতিনিধি পরিষদে নিজেদের নিয়ন্ত্রণে থাকা আসনগুলোসহ ডেমোক্র্যাটদের ২৫৫টি আসনের ৩৯টিতে জয় পেলেই প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে রিপাবলিকান। ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদের ২৫৫টি ডেমোক্র্যাটদের ও ১৭৮টি রিপাবলিকানদের নিয়ন্ত্রণে ছিলো। এছাড়া দুটি আসন ফাঁকা থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/এমআই/১৭৪১ ঘ.