বেইজিং, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্র্র্স)- পূর্ব চীন সাগরে দ্বীপের মালিকানা নিয়ে বেইজিং ও টোকিওর বিরোধ নিরসনে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রয়োজন নেই বলে মঙ্গলবার জানিয়েছে চীন।
এটি সম্পূর্ণ দ্বিপাক্ষিক বিষয় জানিয়ে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রচেষ্টা নাকচ করেছে চীনা কর্তৃপক্ষ।
গত সপ্তাহে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অনুষ্ঠিত ১০ সদস্যের আঞ্চলিক জোট আসিয়ানের সম্মেলন চলাকালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জিয়েচির সঙ্গে সাক্ষাৎ করেন।
ওই সময় টোকিও-বেইজিং সম্পর্কোন্নয়নের বিষয়ে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণে ত্রিপাক্ষিক আলোচনার আহ্বান জানান হিলারি।
বিষয়টিকে কেবল 'যুক্তরাষ্ট্রের ভাবনা' বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মা ঝাজু।
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র ও জাপানের কোনো প্রতিরক্ষা চুক্তির আওতায় দ্বীপের মালিকানার বিতর্কটি আনা হবে সম্পূর্ণ অনৈতিক।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, "এটা অবশ্যই স্বীকৃত হবে যে, দিয়াউ দ্বীপ চীনের সীমানার মধ্যে অবস্থিত এবং এ বিতর্কটি কেবল চীন ও জাপানের দ্বিপাক্ষিক বিষয়।"
তিনি আরো বলেন, "বিরোধ নিরসনে যুক্তরাষ্ট্র, চীন ও জাপানের ত্রিপাক্ষিক আলোচনার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু আমি বলতে চাই, এটা কেবল যুক্তরাষ্ট্রের চিন্তা।"
ঝাজু বলেন, "যুক্তরাষ্ট্র এর আগে অনেকবার বলেছে, দিয়াউ দ্বীপের বিষয়টি তারা যুক্তরাষ্ট্র-জাপান প্রতিরক্ষা চুক্তির আওতায় আনতে পারে। এটা সম্পূর্ণ অনৈতিক। দ্রুত যুক্তরাষ্ট্রের এ ভুল অবস্থান সংশোধন করা উচিৎ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১৪৩৭ঘ.
bdnews24