২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পার্সেল বোমা: আটক ছাত্রীকে ছেড়ে দিয়েছে ইয়েমেন

যুক্তরাষ্ট্রে পার্সেল সার্ভিসে বোমা পাঠানোর ঘটনায় আটক ছাত্রীকে রোববার ছেড়ে দিয়েছে ইয়েমেন কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2010, 07:56 AM

Updated : 25 Aug 2022, 07:31 PM

সানা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-যুক্তরাষ্ট্রে পার্সেল সার্ভিসে বোমা পাঠানোর ঘটনায় আটক ছাত্রীকে রোববার ছেড়ে দিয়েছে ইয়েমেন কর্তৃপক্ষ। বোমা পাঠানোর সময় প্রতারণা করে রসিদে তার টেলিফোন নম্বর ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার ইয়েমেন থেকে শিকাগোর দুটি ইহুদি ধর্মীয় উপাসনালয়ের উদ্দেশ্যে বিমানে পাঠানো দুটি বোমার একটি যুক্তরাজ্যের ইস্ট মিডল্যান্ডস বিমান বন্দরে ও অন্যটি দুবাইয়ে ধরা পড়ে। পার্সেল পাঠানোর সময় শিপিং এজেন্টের রসিদে দেওয়া টেলিফোন নম্বরের সূত্র ধরে সানা বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের ওই ছাত্রীকে গ্রেপ্তার করে ইয়েমেনের পুলিশ। ইয়েমেনি এক কর্মকর্তা বলেন, শিপিং এজেন্টের প্রতিনিধিকে সনাক্ত করতে ডাকা হয়। আটক ছাত্রী পার্সেল পাঠাননি বলে জানান তিনি। কর্মকর্তা বলেন, "আটক ছাত্রীর পুরো নাম, ঠিকানা ও টেলিফোর নম্বর জানা কোনো ব্যক্তি তার পরিচয় চুরি করে ব্যবহার করেছে।" আটক ছাত্রীর মুক্তি চেয়ে সানা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের অনেক শিক্ষার্থী আদালত প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করে। এ পার্সেল বোমা হামলা পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে কেবল ওই ছাত্রীকেই আটক করেছিলো ইয়েমেন কর্তৃপক্ষ। তাকে ছেড়ে দেওয়ার পর এখন এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে ইয়েমেনের ওপর যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশের চাপ বেড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১৩৫১ ঘ.