ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগদাদে একটি গির্জায় প্রার্থনারত ১০০ জনকে জিম্মিকারী বন্দুকধারীদের হটিয়ে দিয়েছে ইরাকি নিরাপত্তা বাহিনী। রোববারের এ ঘটনায় পুলিশ ও জিম্মি মিলিয়ে মোট ৫২ জন নিহত এবং ৬৭ জন আহত হয়েছে।
উপস্বরাষ্ট্রমন্ত্রী একথা জানিয়েছেন। লেফটেন্যান্ট জেনারেল হুসেইন কামাল সোমবার গীর্জায় নিরাপত্তা বাহিনীর অভিযানে আহতের সংখ্যা ৬৭ বলে জানিয়েছেন।
নিহতদের মধ্যে কেবল জিম্মি আর পুলিশ রয়েছে। কোনো হামলাকারী নিহত হয়নি বলে জানান তিনি।
রোববার সন্ধ্যায় একটি বিশেষ প্রার্থনায় যোগ দিতে বাগদাদের 'লেডি অব স্যালভেশন' গির্জায় যাওয়া প্রায় ১০০ জনকে জিম্মি করে বন্দুকধারীরা।
ইরাক এবং মিশরে বন্দি আল-কায়েদা সদস্যদের মুক্তির দাবিতে গীর্জায় লোকজনদের জিম্মি করে তারা। পরে পুলিশ জিম্মি উদ্ধার অভিযান চালানোর সময় দুপক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৫৩৬ ঘ.
bdnews24