নয়া দিল্লি ,অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরের সময় কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদীরা হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে নয়াদিল্লি।
ভারত-শাসিত কাশ্মিরের চলমান সংকটের দিকে বিশ্বের মনোযোগ আকৃষ্ট করার চেষ্টায় বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা এ হামলা চালাতে পারে।
ভারতের স্বরাষ্ট্র সচিব গোপাল পিল্লাই বুধবার সিএনএন-আইবিএন টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এ আশঙ্কা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, কাশ্মিরের স্বাধীনতার জন্য দু'দশক ধরে সেখানে রক্তক্ষয়ী জঙ্গি তৎপরতা চলছে।
সাক্ষাৎকারে পিল্লাই বলেন, ২০০০ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ভারত সফরের সময় জঙ্গিরা কাশ্মিরে ৩৫ জন শিখকে মেরে ফেলেছিলো।
তিনি বলেন, ''এ ধরনের হামলায় নিরাপরাধ বেসামরিক নাগরিকরা নিহত হবে। এটাই ভয়ের ব্যাপার।"
তবে এ ধরনের হামলা ঠেকাতে ভারত সরকার সতর্ক রয়েছে বলে জানান তিনি।
বিচ্ছিন্নতাবাদীরা বিশ্বের মনোযোগ আকর্ষণ করার জন্য এরকম ঘটনা ঘটানোর সুযোগের অপেক্ষায় আছে বলে মন্তব্য করেন পিল্লাই।
নভেম্বরের প্রথমদিকে মার্কিন প্রেসিডেন্ট ভারত সফর করবেন।
এশিয়ার নতুন অর্থনৈতিক শক্তি ভারতের সঙ্গে বাণিজ্যে সহায়তা এবং কূটনৈতিক সর্ম্পক জোরদার করা এ সফরের লক্ষ্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৮৪২ ঘ.
bdnews24