২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় দুই দুর্যোগে নিহত তিনশতাধিক

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর সৃষ্ট সুনামি ও আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতে নিহতের সংখ্যা ৩শ' ছাড়িয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2010, 07:41 AM

Updated : 25 Aug 2022, 07:29 PM

জাকার্তা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর সৃষ্ট সুনামি ও আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতে নিহতের সংখ্যা ৩শ' ছাড়িয়ে গেছে। সুমাত্রার উপকূলীয় এলাকায় সুনামিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ২৮২ জনে। সুমাত্রার পশ্চিমাঞ্চলীয় প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আদে এডওয়ার্ড বুধবার একথা জানান। ৪শ'র বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছে। অন্যদিকে, জাভার কেন্দ্রস্থলের মেরাপি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিহতের সংখ্যা ৩০ জনে পৌঁছেছে বলে জানিয়েছে এপি। দেশে একই সময়ে দুটি বড় দুর্যোগের সংবাদ পেয়ে, প্রেসিডেন্ট সুসিলো বামব্যাং ইয়োধোনো ভিয়েতনাম সফর সংক্ষিপ্ত করেছেন। তিনি বৃহস্পতিবার দেশে ফিরবেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। দক্ষিণপূর্ব এশিয়ার নেতাদের এক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে তিনি ভিয়েতনাম যান। সুনামিতে বিধ্বস্ত হয়েছে পাগাই দ্বীপের অন্ততপক্ষে ১০ টি গ্রাম। সোমবার ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর সাগরের ঢেউ ৩ মিটার উঁচু হয়ে দক্ষিণ পাগাইয়ের ৬০০ মিটার এলাকাজুড়ে আছড়ে পড়ে ভেসে যায় ঘরবাড়ি। ঘরবাড়ির চিহ্ন মুছে যাওয়া বিরান এলাকাগুলো থেকে এখন মৃতদেহগুলো উদ্ধার করা হচ্ছে। উপকূলীয় এলাকা এবং রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে আছে মৃতদেহ। উদ্ধার তৎপরতা চলছে। তবে সাগর অশান্ত থাকায় জলপথে বিপর্যস্ত এলাকায় পৌঁছানো কঠিন হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইন্দোনেশিয়ার এ দুর্যোগে পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন। শৈশবের কিছু সময় ইন্দোনেয়িশায় কাটিয়েছেন ওবামা। এ দুর্যোগে নিহত ও ক্ষয়ক্ষতির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তিনি। এক বিবৃতিতে ওবামা বলেন, "যুক্তরাষ্ট্র যে কোনো পরিস্থিতিতে সহায়তার জন্য তৈরি।" ২০০৯ সালে ইন্দোনেশিয়ার পাডানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে প্রায় ১১শ' মানুষ মারা যায়। আর ২০০৪ সালের ডিসেম্বরে সুমাত্রায় ৯ মাত্রার বেশি ভূমিকম্পের ফলে সৃষ্ট স্মরণকালের ভয়াবহ সুনামিতে ২ লাখ ২৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। তার মধ্যে শুধু ইন্দোনেশিয়াতেই মারা যায় ১ লাখ ৬৮ হাজার মানুষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৩৫ঘ.