কাবুল, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই সোমবার স্বীকার করেছেন যে, তার কার্যালয় ইরানের কাছ থেকে মোটা অঙ্কের নগদ অর্থ গ্রহণ করেছে।
তবে বন্ধুভাবাপন্ন দেশের কাছ থেকে সাহায্য হিসাবে স্বচ্ছভাবেই এ অর্থ এসেছে বলে দাবি করেছেন তিনি।
কাবুলে এক সাংবাদিক সম্মেলনে কারজাই বলেন, প্রেসিডেন্ট প্রসাদের রক্ষণাবেক্ষণ এবং তার কার্যালয় চালাতে এ অর্থ ব্যয় করা হয়েছে।
তিনি বলেন, অনেক বন্ধু দেশই প্রেসিডেন্টের কার্যালয় চালানো ও অন্যান্য ব্যয় মেটাতে অর্থ সাহায্য করে থাকে। ইরান সরকারও তেমনি প্রতি বছর একবার কি দুবার পাঁচ, ছয় কিংবা সাত লাখ ইউরো দিয়ে আফগানিস্তানকে সাহায্য করে আসছে।
কারজাই জানান, তারই নির্দেশে তার দপ্তর প্রধান ওমর দাউদজাই এ অর্থ গ্রহণ করেছেন।
শনিবার 'দ্য নিউ ইয়র্ক টাইমস' পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের প্রতিক্রিয়ায় কারজাই একথা বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রও একই ধরনের অর্থ সাহায্য দেয়।
কারজাই কয়েকটি বন্ধু দেশের কাছ থেকে অর্থ সাহায্য পাওয়ার কথা বললেও মূলত ইরান এবং যুক্তরাষ্ট্রের নামই উল্লেখ করেছেন।
অর্থ সহায়তা করে যাওয়ার জন্য ইরানকে অনুরোধ জানানো হবে বলেও মন্তব্য করেন তিনি।
আফগান ও পশ্চিমা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান কারজাইয়ের সহযোগীদেরকে মোটা অঙ্কের অর্থ দিয়ে আসছে। কাবুলে ইরানের স্বার্থ এগিয়ে নেওয়ার পাশাপাশি দাউদজাইকে অনুগত রাখাই এর উদ্দেশ্য।
তাছাড়া, মোটা অঙ্কের এই অর্থ গোপন তহবিল হিসাবে আফগান আইনপ্রণেতা, আদিবাসী বায়োজ্যষ্ঠ এমনকি তালেবান কমান্ডারদের হাতে যায় বলেও উল্লেখ করা হয় নিউ ইয়র্ক টাইমস পত্রিকার ঐ প্রতিবেদনে।
নাম প্রকাশে অনিচ্ছুক আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে টাইমস একথা জানায়।
পত্রিকার খবরে আরো বলা হয়, গত আগস্টে কারজাইয়ের ইরান সফর শেষে তার বিমানে বড় ব্যাগ ভর্তি অর্থ পৌঁছে দিয়েছিলেন আফগানিস্তানে তেহরানের রাষ্ট্রদূত ফিদা হুসেইন মালিকি।
কারজাই বলেন, এ অর্থ ব্যক্তিগত উদ্দেশ্য সিদ্ধির জন্য নয় বরং প্রেসিডেন্টের কার্যালয় চালানোর জন্য দেওয়া হয়েছে।
এর আগে ইরানের কাছ থেকে দাউদজাইয়ের নিয়মিত অর্থ গ্রহণ সম্পর্কিত মার্কিন প্রতিবেদনের তীব্র বিরোধিতা করেছিলো কাবুলের ইরানি দূতাবাস। পশ্চিমা গণমাধ্যম ভিত্তিহীন সব উদ্ভট খবর রটাচ্ছে বলে অভিযোগ করে তারা।
কিন্তু সোমবার ইরানি অর্থগ্রহণের স্বীকারোক্তি দিয়ে কারজাই শেষ পর্যন্ত পশ্চিমা পত্রিকার খবরের সত্যতাই প্রমাণ করলেন।
সূত্র: এএফপি, বিবিসি, রয়টার্স
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১০৩ ঘ.
bdnews24