কাঠমান্ডু, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-হিমালয়ে তুষারধসে নেপালের চুয়াং নিমা (৪৩) নামের নেতৃস্থানীয় এক শেরপা নিখোঁজ হয়েছেন। নিমা এ পর্যন্ত ১৯ বার এভারেস্টের চূড়ায় উঠেছেন।
নিমার পর্বতারোহণ সংস্থা জানিয়েছে, শনিবার মাউন্ট বারান্টস'র চূড়ার কাছাকাছি থাকা অবস্থায় তুষারধসের শিকার হন।
একটি ব্রিটিশ পর্বতারোহী দলের শেরপা হিসেবে নিমা বারান্টস'র শীর্ষে তাদের পৌঁছানোর ব্যবস্থা করছিলেন। এ জন্য তিনি ৭ হাজার ৪৫ মিটার উচ্চতা থেকে ৭ হাজার এক শ' ২৯ মিটার উঁচুতে একটি দড়ি লাগানোর সময় তুষারধস শুরু হয়।
সঙ্গীরা নিমাকে খোঁজাখুজি করেও পায়নি। সোমবার একটি হেলিকপ্টারে করে নিমাকে উদ্ধারের চেষ্টা চালানোর কথা।
আরোহী দলের বেস ক্যাম্পে হেলিকপ্টারটি রোববারে পাঠানো হলেও ঝড়ো বাতাসের কারণে সেটি বারান্টস'র চূড়ার উদ্দেশ্যে যাত্রা করতে পারেনি।
নিমার চেয়ে কেবল একজনই মাউন্ট এভারেস্টের চূড়ায় বেশিবার উঠেছেন। আপা শেরপা নামের ওই ব্যক্তি ২০ বার মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠেছেন।
১৯৫৩ সালে এভারেস্টের চূড়ায় আরোহণ শুরুর পর থেকে বরফের খাঁজে এ পর্যন্ত প্রায় ২ শ' ৫০ জন পর্বতারোহীর মৃত্যু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১৩৪৬ঘ.
bdnews24