ওয়াশিংটন, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চাঁদে বরফাকারে কয়েক শ' পাউন্ড পানি, সিলভার, পারদ ও অন্যান্য বিস্ময়কর কিছু রাসায়নিক পদার্থের সন্ধান পেয়েছে নাসা।
গত বছর এক রকেট বিস্ফোরণ ঘটিয়ে চাঁদে পানি ছাড়াও অন্যান্য ওই উপাদানগুলোর সন্ধান মিলেছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন বিজ্ঞানীরা ।
যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা গত অক্টোবরে চাঁদে ক্যাবেয়াস নামক আগ্নেয়গিরির জ্বালামুখের মতো একটি গর্তে রকেটটি পাঠায়। ওই গর্তটি সবসময় অন্ধকারাচ্ছন্ন থাকে।
সেখানে বিস্ফোরণ ঘটালে সত্যিকার অর্থে কী হয় তা দেখার জন্যই রকেকটি পাঠানো হয়েছিল।
এ সম্পর্কে বিভিন্ন বিজ্ঞান বিষয়ক সাময়িকী অনেক চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে।
তারা জানিয়েছে, সেখানে বরফাকারে প্রচুর পরিমাণ পানি, কার্বন মনোক্সাইড, এমোনিয়া এবং কিছু রূপালী ধাতব পদার্থের সন্ধান পাওয়া গেছে।
চাঁদে স্যাটেলাইট সহযোগে পরিচালিত এ অভিযানটির নাম ছিল লুনার ক্রেটার অবজারভেশন এন্ড সেনসিং স্যাটেলাইট বা সংক্ষেপে 'এলসিআরওএসএস'।
রকেট বিস্ফোরণে চাঁদে প্রায় ৮০ থেকে ১০০ ফিট চওড়া গর্ত হয়ে বিপুলাকারে ধুলো, বাষ্প ও অন্যান্য উপাদানের ধুম্রজাল সৃষ্টি হয়।
নাসার গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী এন্থনি কোলাপ্রেটে জানিয়েছেন, ক্যাবেয়াস এ যে সমস্ত উপাদান আছে তার ৫ দশমিক ৬ শতাংশই বরফ পানি দিয়ে গঠিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১১৬ ঘ.
bdnews24