তিজুয়ানা, মেক্সিকো, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---মেক্সিকোর সেনাবাহিনী সোমবার ৩৪ কোটি মার্কিন ডলারেরও বেশি মূল্যের ১০৫ টন মারিজুয়ানা আটক করেছে। দেশটির সেনাবাহিনী একথা জানিয়েছে।
সেনাবাহিনী ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো সীমান্তবর্তী তিজুয়ানায় বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি চালিয়ে রেকর্ড পরিমাণ এই মাদক আটক করে। এসময় তারা ১১ জন সন্দেহভাজন মাদক কারবারীকেও আটক করেছে।
এসব মাদকদ্রব্য বাদামি ও রূপালি রঙের প্যাকেট করে ওই বাড়িগুলোতে রাখা ছিল এবং সেখানে একটি ট্রাকও অবস্থান করছিল।
যুক্তরাষ্ট্রে পাঠানোর উদ্দেশ্যে কয়েকমাস ধরে মেক্সিকোর বিভিন্ন স্থান থেকে এই বিপুল পরিমাণ মারিজুয়ানা সংগ্রহ করা হয়েছে।
তিজুয়ানার একটি সামরিক ঘাঁটিতে জেনারেল আলফোনসো দুয়ার্তে সাংবাদিকদের বলেন, "এ ধরনের মাদক আটকের ঘটনা আমাদের দেশে নজিরবিহীন।"
সেনাবাহিনী আরও জানায়, প্যাকেট করা মারিজুয়ানার গায়ে যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট বেশকয়েকজন পরিবেশকের নাম ও লোগো লাগানো রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১০৪৫ঘ.
bdnews24