২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেগির প্রভাবে বিদ্যুৎ সরবরাহ ও বিমান চলাচল বন্ধ

ফিলিপাইনের উত্তরাঞ্চলের কাছাকাছি চলে এসেছে সুপার টাইফুন মেগি। স্থানীয় সময় সোমবার দুপুর সোয়া ১২টার দিকে জানানো হয়েছে, এর প্রভাবে সেখানে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিমানের কয়েকটি ফ্লাইটও বাতিল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2010, 03:47 AM

Updated : 25 Aug 2022, 07:08 PM

ম্যানিলা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিপাইনের উত্তরাঞ্চলের কাছাকাছি চলে এসেছে সুপার টাইফুন মেগি। স্থানীয় সময় সোমবার দুপুর সোয়া ১২টার দিকে জানানো হয়েছে, এর প্রভাবে সেখানে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিমানের কয়েকটি ফ্লাইটও বাতিল করা হয়েছে। পূর্বাভাসে জানানো হয়েছে, স্থানীয় সময় দুপুর ২টায় এটি উপকূলে আঘাত হানতে পারে। এর আগে জানানো হয়েছিল, এটি দুপুর ১২টার মধ্যেই আঘাত হানবে। চলতি বছর ফিলিপাইনে এর আগে আরো ৯টি ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। তবে দশম ঘূর্ণিঝড় মেগি সেগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী। সর্বোচ্চ ৫ ক্যাটাগরির এ ঘূর্ণিঝড় কেন্দ্রের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৫৫ মাইল। আর প্রতি ঘণ্টায় এটি ১৯ কিলোমিটার পথ এগুচ্ছে। ফিলিপাইনের মূল ভূখণ্ড লুজনের উত্তরে এটি প্রথম আঘাত হানতে পারে বলে জানিয়েছে রাষ্ট্রীয় আবহাওয়া সংস্থা। স্থানীয় সময় সোমবার সকাল ৬টায় (গ্রিনিচ মান সময় রোববার রাত ১০টায়) ঘূর্ণিঝড়টি কাগায়ান উপকূল থেকে ১৯০ কিলোমিটার পূর্বে এবং সেটি ঘণ্টায় ১৯ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অগ্রসর হচ্ছিলো। আশঙ্কা করা হচ্ছে, এর আঘাতে উত্তর ফিলিপাইনে বন্যা, ঝড় ও ভূমিধস হতে পারে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে উত্তরাঞ্চলীয় ১৯টি প্রদেশে সতর্কতা জারি করা হয়েছে। উত্তর কাগায়ান প্রদেশের গভর্নর রয়টার্সকে রোববার জানান, এই ঘূর্ণিঝড়ে তার প্রদেশের ৬০ ভাগ ধান ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কাগায়ান প্রদেশেই দেশটির মোট ধানের এক তৃতীয়াংশ উৎপন্ন হয়ে থাকে। জাতীয় দুর্যোগ সংস্থার প্রধান বেনিতো রামোস এক বেতার সাক্ষাৎকারে জানিয়েছেন, কাগায়ান প্রদেশ থেকে ১১শ'র বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০২২ ঘ.