ম্যানিলা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিলিপাইনে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন মেগি। এ টাইফুন ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কায় ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় ১৯টি প্রদেশে ইতোমধ্যেই সতর্ক সংকেত দেওয়া হয়েছে।
শক্তিশালী এ টাইফুন সুপার টাইফুনে রূপ নিয়ে ঘন্টায় ২৫০ কিলোমিটার বেগে সোমবার ফিলিপাইনে আঘাত হানতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।
রোববার টাইফুন মেগির কবলে পড়তে পারে উত্তরাঞ্চলের লুজন উপকূল।
এক সংবাদ সম্মেলনে আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের কর্মকর্তা এ্যানথনি লুসেরো রোববার বলেছেন, ফিলিপাইনের উত্তরাঞ্চলের অন্যতম ধান ও ভুট্টা উৎপাদনকারী অঞ্চল লুজনে রোববার প্রচণ্ড ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সমুদ্রে অবস্থানরত নাবিক ও যাত্রীদের জন্য সতর্ক সংতেক জারি করা হয়েছে।
তিনি জানান, মেগি উল্টরাঞ্চলীয় লুজনে ৫৭০ কিলোমিটার পূর্বে অবস্থান করছে এবং ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে পশ্চিমে কাগায়ান প্রদেশের দিকে অগ্রসর হচ্ছে।
টাইফুন মেগির কারণে বন্যা, ঝড় ও ভূমিধ্বসের আশঙ্কা করা হচ্ছে।
টাইফুন মেগি ম্যানিলা শহরে আঘাত না হানলেও স্থলভাগের বিস্তীর্ণ এলাকা ঝড়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হবে জানিয়েছেন লুসেরো। পরবর্তীতে টাইফুনটি চীনের দিকে এগোবে।
এছাড়া মেগি আরো শক্তিশালি হয়ে সুপার টাইফুনে পরিণত হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন লুসেরো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৭৫২ ঘ.
bdnews24