প্যারিস, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফ্রান্সে পেনসন সংস্কারের বিরুদ্ধে মঙ্গলবার নতুন করে দেশজুড়ে বিক্ষোভ-ধর্মঘট করেছে লাখ লাখ মানুষ।
পেনশন নিয়ে সরকারি পরিকল্পনার প্রতিবাদে ডাকা এ ধর্মঘটে অচল হয়ে পড়ে বিমান চলাচল, রেল যোগাযোগ ব্যবস্থা। বন্ধ হয়ে যায় শিক্ষাপ্রতিষ্ঠান।
ইউনিয়ন ও পুলিশের ভাষ্য, প্যারিসে এটিই এ যাবৎকালের সবচেয়ে বড় বিক্ষোভ। এতে ৩ লাখেরও বেশি মানুষ অংশ নিয়েছে।
ফ্রান্স সরকার অবসর গ্রহণের বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬২ করাসহ আরো বেশ কিছু নতুন নিয়ম চালু করতে যাচ্ছে।
ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ফ্রান্সে অবসর গ্রহণের বয়স বেশ কম। তবে দেশটির নতুন এ সংস্কার প্রস্তাব যে কোনো দেশের জন্যই একবারে বেশ বড় পদক্ষেপ।
বর্তমান নিয়মের অধীনে ফ্রান্সে নারী ও পুরুষ উভয়ই ৪০ বছর ৬ মাস সামাজিক নিরাপত্তায় অবদান রাখায় ৬০ বছর বয়সে অবসর নিতে পারেন। তবে ৬৫ বছর বয়সের আগে তাদের পুরো অবসর ভাতা দেওয়া হয় না।
অবসর গ্রহণের বয়স ৬২ বছর এবং পেনশন পাওয়ার বয়স ৬৭ করে ২০১৮ সাল নাগাদ ৭০ বিলিয়ন ইউরো (৫৮ বিলিয়ন পাউন্ড) ব্যয় কমাবে বলে দাবি করছে সরকার।
ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি বলেন, দেশের প্রবীণ মানুষের সংখ্যা ও বিপুল সরকারি ব্যয়ের রাশ টেনে ধরতে এ সংস্কার জরুরি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২৩৩০ ঘ.
bdnews24