জেরুজালেম, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েলের ইহুদি বসতিস্থাপন বন্ধের নতুন প্রস্তাব নাকচ করেছে ফিলিস্তিন। ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার বিনিময়ে সোমবার নতুন করে ইহুদি বসতিস্থাপন বন্ধের ওই প্রস্তাব দেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ফিলিস্তিন তাৎক্ষণিকভাবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
ইসরায়েল- ফিলিস্তিনের মধ্যে ২ সেপ্টেম্বরে শুরু হওয়া শান্তি আলোচনা স্থবির হয়ে আছে ইহুদি বসতিস্থাপন নিয়ে বিরোধের কারণে।
পশ্চিম তীরে ইহুদি বসতিস্থাপন বন্ধ রাখার ১০ মাস সময়সীমা পেরোনোর পর ইসরায়েল এর মেয়াদ না বাড়ানোয় আলোচনায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে। বসতিস্থাপন বন্ধ না হলে আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়ে আসছে ফিলিস্তিন।
এ আলোচনা আবার শুরু করার চেষ্টায়ই নেতানিয়াহু সোমবার পার্লামেন্টে নতুন প্রস্তাব দিয়ে বলেন, "ফিলিস্তিনি নেতারা তাদের জনগণকে স্পষ্টভাবে ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে বললে বসতিস্থাপন আবারো বন্ধের জন্য সরকারকে অনুরোধ জানাতে আমি প্রস্তুত।''
তিনি আরো বলেন, "এটি কোন শর্ত নয় বরং আস্থা অর্জনের পদক্ষেপ মাত্র। এতে করে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলিদের আস্থা বাড়বে। গত ১০ বছরে ফিলিস্তিনিদের শান্তি প্রতিষ্ঠার সদিচ্ছা নিয়ে ইসরায়েলিরা যে আস্থা হারিয়েছে এর মধ্য দিয়ে তা ফিরে আসবে।"
অন্যদিকে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদাইনাহ বলেছেন, "গোটা বসতিস্থপন পক্রিয়াই অবৈধ। শান্তি আলোচনায় ফিরতে গেলে বসতিস্থাপন বন্ধ করতে হবে।"
ফিলিস্তিন ইতোমধ্যেই ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে এবং এটাই যথেষ্ট উল্লেখ করে তিনি আরো বলেন, ''শান্তি আলোচনা শুরুর সঙ্গে ইহুদি রাষ্ট্রের স্বীকৃতির কোনো সম্পর্ক নেই।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৯১৩ ঘ.
bdnews24