২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উদ্ধারকারীদের গ্রেনেডে নিহত হতে পারেন লিন্ডা : ক্যামেরন

আফগানিস্তানে অপহৃত ব্রিটিশ নাগরিক লিন্ডা নরগ্রোভ উদ্ধার অভিযানে দুর্ঘটনাবশতঃ নিহত হয়ে থাকতে পারেন বলে সোমবার জানিয়েছে ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2010, 09:06 AM

Updated : 25 Aug 2022, 07:06 PM

লন্ডন, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে অপহৃত ব্রিটিশ নাগরিক লিন্ডা নরগ্রোভ উদ্ধার অভিযানে দুর্ঘটনাবশতঃ নিহত হয়ে থাকতে পারেন বলে সোমবার জানিয়েছে ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এর পরিপ্রেক্ষিতে ঘটনাটি খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন আফগানিস্তানে নিযুক্ত মার্কিন ও ন্যাটো বাহিনীর প্রধান জেনারেল ডেভিড পেত্রাউস। মার্কিন এক সাহায্য সংস্থায় কাজ করতেন ৩৬ বছর বয়সী লিন্ডা। গত ২৬ সেপ্টেম্বর পাকিস্তানের সীমান্তবর্তী আফগানিস্তানের কুনার প্রদেশে কাজ করতে গিয়ে সহকর্মী অপর তিন আফগানের সঙ্গে তিনিও অপহৃত হন। লিন্ডা নিহত হওয়ার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী জেনারেল পেত্রাউসকে জানান, বিভিন্ন প্রমাণ পর্যালোচনা করে মনে হচ্ছে, লিন্ডা তার অপহরণকারীদের হাতে মারা যায়নি। ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে ক্যামেরন বলেন, "বিভিন্ন প্রমাণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষ্যের ভিত্তিতে এটাই মনে হচ্ছে, অভিযান চলাকালে উদ্ধারকারীদের গ্রেনেডেই সে মারা গিয়ে থাকতে পারে।" যাই হোক, এটি এখনো নিশ্চিত নয়। সম্পূর্ণ ঘটনাটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যৌথভাবে এখন তদন্ত শুরু করবে বলে জানান ক্যামেরন। পাশাপাশি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হগ বলেন, "সেনাদের ধারণ করা ভিডিওচিত্র দেখে প্রাথমিক ভাবে মনে হয়েছিল, লিন্ডা তার এক অপহরণকারীর আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন। কিন্তু অপর এক মার্কিনির ধারণ করা ভিডিওচিত্র দেখে মনে হয়েছে অন্যকোনো কারণও থাকতে পারে।" এখন দেখার অপেক্ষা তদন্তে কোন সত্য বেরিয়ে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৫৫ঘ.