কোপিয়াপো, চিলি, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চিলির খনিতে আটকে পড়া ৩৩ শ্রমিককে বুধবার গ্রিনিচ মান সময় ৩টা থেকে উদ্ধার শুরু হবে। ইতোমধ্যে উদ্ধারকারীরা যে ক্যাপসুল লিফটের মাধ্যমে শ্রমিকদের ভূ-পৃষ্ঠে তুলে আনা হবে তার সফল পরীক্ষা সম্পন্ন করেছেন।
এর মধ্য দিয়ে খনিশ্রমিকদের দুই মাসেরও বেশি সময় ধরে ভূ-পৃষ্ঠের ৬ শ' মিটারের বেশি গভীরে আটক অবস্থার অবসান হতে চলেছে।
আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের জন্য ৬২৫ মিটার দৈর্ঘের একটি সুড়ঙ্গ পথ খোঁড়া হয়েছে।
'ফোনিক্স' নামের ক্যাপসুল লিফটটি দিয়ে শ্রমিকদের একজন একজন করে বের করে আনা হবে। ভূ-পৃষ্ঠ থেকে অর্ধমাইল অভ্যন্তর থেকে সবাইকে বের করে আনতে ৪৮ ঘণ্টা সময় লাগবে বলে জানান চিলির খনিমন্ত্রী লরেন্স গোলবোর্ন।
চার উদ্ধারকর্মী সুড়ঙ্গ দিয়ে নিচে নেমে যাবেন। তারা শ্রমিকদের ভূ-পৃষ্ঠে উঠে আসার ব্যাপারে প্রস্তুত করবেন।
চিলির আতাকামা মরুভূমিতে ৫ আগস্ট সান জোসে নামের ছোট একটি স্বর্ণ ও তামা খনি ধসে পড়লে শ্রমিকরা আটকা পড়েন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯৩৫ঘ.
bdnews24