২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিয়েনআনমেনে নিহতদের উদ্দেশে নোবেল উৎসর্গ জিয়াবোর

চীনে ১৯৮৯ সালে গণতন্ত্রপন্থি বিক্ষোভ দমনাভিযানে নিহতদের উদ্দেশে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করেছেন কারাবন্দি লিউ জিয়াবো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2010, 12:22 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

বেইজিং, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনে ১৯৮৯ সালে গণতন্ত্রপন্থি বিক্ষোভ দমনাভিযানে নিহতদের উদ্দেশে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করেছেন কারাবন্দি লিউ জিয়াবো। সোমবার নরওয়ের এক পত্রিকা এ তথ্য প্রকাশ করেছে। ওদিকে চীনা গণমাধ্যমগুলো বলছে, এ পুরস্কার পাশ্চাতের চীনভীতির বহিঃপ্রকাশ। কারাগারে জিয়াবোর সঙ্গে স্ত্রী লিউ জিয়ার সাক্ষাতের পর তার উদ্ধৃতি দিয়ে নরওয়ের দাগব্লাদেত পত্রিকা জানিয়েছে, জিয়াবো তার স্ত্রীকে বলেছেন, এ পুরস্কার ১৯৮৯ সালের ৪ জুনে বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে বিক্ষোভে সেনাদের দমনাভিযানে নিহতদের উদ্দেশ্যে উৎসর্গ করছেন তিনি। চীনে একদলীয় শাসনের পরিবর্তে গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তনের জন্য প্রচারাভিযান চালানোর অভিযোগে লিউ কারাবন্দি রয়েছেন। এ অভিযোগে তাকে ১১ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। ওদিকে, চীনের ট্যবলয়েড পত্রিকা গ্লোবাল টাইমসের প্রকাশিত এক মন্তব্যে বলা হয়েছে, "লিউয়ের বহুদলীয় গণতন্ত্রের ডাক অনুসরণ করা হলে চীনের অবস্থা সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং যুগোস্লাভিয়ার চেয়ে ভাল কিছু হতো না এবং হয়তো কিছু দিনের মধ্যেই দেশের পতন ঘটতো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮০৬ ঘ.