ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বিপ্লবী আর্নেস্তো চে গেভারার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন করছে বিশ্ববাসী। ১৯৬৭ সালের ৯ অক্টোবর বলিভিয়ার সেনাদের হাতে লা হিগুয়েরা গ্রামে তিনি মৃত্যুবরণ করেন।
১৯৬৪ সালে জাতিসংঘে দেওয়া চে'র ভাষণ
কিউবা বিপ্লবের অন্যতম নায়ক চে'র মৃত্যুবার্ষিকী স্মরণে ব্যাপক কর্মসূচি নিয়েছে কিউবান সরকার।
দেশটির সরকারি গণমাধ্যমে চে কে শ্রদ্ধা জানিয়ে বেশ কয়েকটি প্রবন্ধ পাঠ করা হয়। তাছাড়া দেশটির ১ লাখ ২০ হাজার মানুষ চে গেভারার মতো আপসহীন হওয়ার শপথ নেয়।
বাংলাদেশসহ সারা বিশ্বের কমিউনিস্ট পার্টিগুলোও চে'র মৃত্যুবার্ষিকী স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করছে।
১৯২৮ সালের ১৪ জুন আর্জেন্টিনার রোজারিওতে জন্মগ্রহণকারী চে চিকিৎসা বিজ্ঞানের ছাত্র হিসেবে ল্যাটিন আমেরিকা ভ্রমণ করেন। সে ভ্রমণের সময় তিনি মানুষের দুঃখ-দুর্দশা দেখে বিচলিত হন।
তিনি বুঝতে পারেন এ অর্থনৈতিক বৈষম্যের মূলে রয়েছে পুঁজিবাদ, নয়া উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ এবং বাজারের ওপর পুঁজিপতিদের একচেটিয়া আধিপত্য।
আর তাই এ শোষণমুক্তির পথ হিসেবে তিনি বেছে নেন বিশ্ব বিপ্লবের পথ।
শাসক-শোষক ও পুঁজিপতিদের উৎখাতের মাধ্যমে সামাজিক সাম্য অর্জনের সংগ্রামে জড়িয়ে পড়েন চে।
১৯৫৫ সালে মেক্সিকোয় কিউবার বিপ্লবী ফিদেল ক্যাস্ট্রোর সঙ্গে তার দেখা হয় এবং বিপ্লবের প্রয়োজনে কিউবায় এসে যোগ দেন গেরিলা যুদ্ধে।
১৯৫৯ সালের ১ জানুয়ারি স্বৈরশাসক বাতিস্তাকে উৎখাতের মাধ্যমে কিউবায় সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় অগ্রগণ্য ভূমিকা রাখেন।
১৯৬৬ সালে শোষণ মুক্তির সংগ্রামে তিনি যোগ দেন 'বলিভিয়ার ন্যাশন্যাল লিবারেশন আর্মি'র সঙ্গে।
গেরিলা যুদ্ধের এক পর্যায়ে ১৯৬৭ সালের ৮ অক্টোবর সিআই'র সহায়তায় বলিভিয়ার সেনাদের হাতে ধরা পড়েন চে।
ধরা পড়ার একদিন পরে বলিভিয়ার লা হিগুয়েরা গ্রামের একটি ছোটো স্কুলের মধ্যে তাকে গুলি করে হত্যা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১৩৪৫ঘ.
bdnews24