স্টকহোম, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সাহিত্যে ২০১০ সালের নোবেল পুরস্কার পেয়েছেন পেরুর লেখক মারিও বার্গাস ইয়োসা।
নোবেল কমিটি বৃহস্পতিবার একথা জানিয়েছে।
তার সাহিত্যে ব্যক্তির প্রতিবাদ, প্রতিরোধ, বিদ্রোহ ও পরাজয়ের নিপুণ চিত্রায়ন এবং ক্ষমতা কাঠামোর সাবলীল উপস্থাপনার জন্য সুইডিশ একাডেমি তাকে নোবেল পুরস্কারে ভূষিত করেছে।
৭৪ বছর বয়সী য়োসা ৩০ টিরও বেশি উপন্যাস, নাটক ও প্রবন্ধ লিখেছেন।
পুরস্কার হিসেবে তিনি এক কোটি সুইডিশ ক্রোনা (১৫ লাখ ডলার) পাবেন।
১৯৯০ সালে অক্তাভিও পাস্ নোবেল পাওয়ার দীর্ঘ ২০ বছর পর আরেক লাতিন আমেরিকান লেখক এ পুরস্কার পেলেন।
১৯৩৬ সালের ২৮ মার্চ জন্ম নেওয়া স্প্যানিশ ভাষার অন্যতম লেখক য়োসা একাধারে লেখক, রাজনীতিবিদ, সাংবাদিক ও প্রাবন্ধিক।
ল্যাতিন আমেরিকা, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাও করেছেন তিনি। তার চিন্তা-চেতনার ব্যাপক প্রভাব রয়েছে দক্ষিণ আমেরিকাসহ বিশ্বের নানা প্রান্তে।
নোবেল কমিটি জানিয়েছে, ৬০ ও ৭০ এর দশকে ল্যাতিন আমেরিকার সাহিত্য জগতের বিকাশে অনবদ্য ভূমিকা রেখেছেন তিনি। এ সময়েই আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত হয়ে ওঠেন তিনি।
তাঁর আলোচিত গ্রন্থের মধ্যে 'দ্য টাইম অব দ্য হিরো', 'দ্য গ্রিন হাউস', 'কনজারভেশন ইন দ্য ক্যাথেড্রাল' উল্লেখযোগ্য। ৪০ ও ৫০ দশকে পেরুর জীবনধারার অভিজ্ঞতার গভীর প্রভাব পড়েছে তার লেখনীতে।
প্রথম জীবনে বামপন্থার দিকে ঝুঁকলেও পরবর্তীতে তিনি ডানপন্থী রাজনীতিতে যোগ দেন। ১৯৯০ সালে য়োসা মধ্য ডানপন্থী ফ্রেন্তে দেমোক্র্যাতিকো জোটের পক্ষ থেকে পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/বিবি/এলকিউ/১৮০৭ ঘ.
bdnews24