ওয়াশিংটন, ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ ২০১০ অর্থবছরে রেকর্ড সংখ্যক অবৈধ অভিবাসীকে দেশ থেকে বের করে দিয়েছে।
'ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি'র কর্মকর্তারা বুধবার একথা জানিয়েছেন।
'দ্য ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্সি' (আইসিই) ৩০ সেপ্টেম্বর পর্যন্ত গত ১২ মাসে প্রায় ৩ লাখ ৯৩ হাজার অবৈধ অভিবাসীকে দেশ থেকে বের করে দিয়েছে।
এদের মধ্যে ১ লাখ ৯৫ হাজারেরও বেশি মানুষ কোনো না কোনো অপরাধে দোষী সাব্যস্ত হয়েছে। এ সংখ্যা আগের বছরের তুলনায় প্রায় ৪৪ শতাংশ বেশি বলে জানায় আইসিই।
যুক্তরাষ্ট্রের অভিবাসী আইনের যথাযথ প্রয়োগ, মেক্সিকো সীমান্ত দিয়ে মদ ও মানব পাচার বন্ধ এবং সারা দেশে ছড়িয়ে থাকা প্রায় ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীর বিষয়টি সামনে নিয়ে আসার জন্য ওবামা প্রশাসনের ওপর চাপ রয়েছে।
আইসিই পরিচালক জন মার্টন বলেছেন, "নিরাপত্তার স্বার্থে রেকর্ডসংখ্যক অভিবাসীকে বের করে দেওয়ার এ পদক্ষেপ স্পর্শকাতর পরিকল্পনাকে অগ্রাধিকার দেওয়া এবং আইনের কঠোর প্রয়োগসহ আইসিই-র হাজার হাজার এজেন্ট ও কর্মকর্তাদের একাগ্রতারই ফসল। এ পরিকল্পনা বাস্তবায়নে তারা দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করেছেন।"
অবৈধ অভিবাসীরা যেন সীমান্ত অতিক্রম করে আবার যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারে সেজন্য সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে আরো কিছু পদক্ষেপ নেওয়া এবং তাদেরকে যুক্তরাষ্ট্রে কাজ করতে না দেওয়ার ব্যবস্থা করার জন্য ওবামা প্রশাসনকে পরামর্শ দিয়েছেন এক ঊর্ধ্বতন রিপাবলিকান আইনপ্রণেতা ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/বিসিএস/এলকিউ১৬৫০ ঘ.
bdnews24