দেরা ইসমাইল খান, পাকিস্তান, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানে মার্কিন চালকবিহীন বিমানের (ড্রোন) ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ব্রিটিশ নাগরিকের সঙ্গে টাইম স্কয়ারে সন্দেহভাজন বোমা হামলা প্রচেষ্টাকারীর সম্পর্ক থাকতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানি এক গোয়েন্দা কর্মকর্তা বুধবার রয়টার্সকে একথা জানিয়েছেন।
ওই কর্মকর্তা জানান, আব্দুল জব্বার নামের ওই ব্রিটিশ নাগরিক ব্রিটেনে তালেবানের একটি শাখা স্থাপনের প্রক্রিয়া চালাচ্ছিল।
চলতি বছরের মে মাসে টাইমস স্কয়ারে বোমা হামলা চেষ্টাকারী পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিকের প্রতি ইঙ্গিত করে তিনি আরো বলেন, "ব্রিটিশ নাগরিক জব্বারের সঙ্গে ফয়সাল শাহজাদের সম্পর্ক রয়েছে, তবে সম্পর্কের ধরনটি পরিষ্কার নয়।"
মঙ্গলবার নিউ ইয়র্কের একটি আদালত ফয়সাল শাহজাদকে ওই বোমা হামলা চেষ্টার জন্য যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।
ওই গোয়েন্দা কর্মকর্তা আরো জানান, জব্বার ২০০৯ সালে পাকিস্তানে আসেন এবং উত্তর ওয়াজিরিস্তানে জঙ্গি প্রশিক্ষণ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১২২০ঘ.
bdnews24