রামাল্লাহ, পশ্চিম তীর, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েল বসতি স্থাপন বন্ধ করার আগ পর্যন্ত শান্তি আলোচনায় ফিরবে না পিএলও। ফিলিস্তিনি নেতৃবৃন্দ শনিবার জানিয়েছেন।
রামাল্লায় প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) এর নির্বাহী কমিটির সভা শেষে সংগঠনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইয়াসের আবেদ রাব্বো একথা বলেন।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মাসখানেক আগে ওয়াশিংটনে ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরু হয়। কিন্তু পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধ রাখার ১০ মাসের নিষেধাজ্ঞার মেয়াদ না বাড়ানোয় আলোচনা অনিশ্চয়তার মুখে পড়ে। ৩০ শে সেপ্টেম্বর ওই মেয়াদ শেষ হয়।
ইসরায়েল জানিয়েছে, তারা বসতি স্থাপন বন্ধের মেয়াদ বাড়াবেনা।
রাব্বো বলেন, "নেতৃবৃন্দ এ ব্যাপারটি নিশ্চিত করেছে যে, আলোচনা পুনরায় শুরু করতে বাস্তবিক কিছু পদক্ষেপ নিতে হবে, এর মধ্যে বসতি স্থাপন বন্ধ অগ্রগণ্য।"
সভায় গৃহীত এক বিবৃতিতে বলা হয় "ফিলিস্তিনের নেতৃবৃন্দ আলোচনা ব্যহত হওয়ার জন্য ইসরায়েলকে দায়ী করছে।"
১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েলের দখল করে নেওয়া পশ্চিম তীরে স্থাপন বাড়িয়েই যাচ্ছে ইসরায়েল। এই বসতি স্থাপনকেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে মূল বাধা বলে মনে করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএমটি/২২০১ ঘ.
bdnews24