কলম্বো, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নির্বাচনে বিজয় ছিনিয়ে নেওয়ার পাশাপাশি পরোক্ষভাবে হত্যার চেষ্টাস্বরূপ ব্যক্তিগত নিরাপত্তাও রহিত করার অভিযোগ এনে শনিবার এর প্রতিবাদ জানানোর অঙ্গীকার করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী জেনারেল শরথ ফনসেকা।
গত মঙ্গলবারের প্রেসিডেন্ট নির্বাচনে ফনসেকা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের কাছে ১৮ লাখ ভোটে পরাজিত হন। নির্বাচনী সহিংসতায় ৫ জন নিহত হলেও নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে সর্বমহলে প্রশংসিত হয়।
তামিল টাইগারদের বিরুদ্ধে ২৫ বছরের রক্তক্ষয়ী যুদ্ধের অবসানে সেনাপ্রধান হিসাবে ফনসেকা যুদ্ধ করে গত মে মাসে বিজয় ছিনিয়ে আনেন। কিন্তু নভেম্বরে ফনসেকা প্রেসিডেন্ট নির্বাচনে নিজের প্রার্থিতা ঘোষণার পর থেকেই রাজাপাকসের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়।
নির্বাচন শান্তিপূর্ণ ভাবে শেষ হলেও বুধবার শ্রীলঙ্কার সেনারা কলম্বোর একটি বিলাসবহুল হোটেলে থাকা ফনসেকাকে ঘিরে ফেলেন।
তবে শ্রীলঙ্কার সরকার জানায়, সেনাবাহিনী থেকে পালিয়ে যাওয়া সেনারাই তার সঙ্গে যোগ দেয় এবং কোনও সামরিক অভ্যুত্থানের পাঁয়তারা চলছে বলে সন্দেহ করা হচ্ছিল। এরপরই ফনসেকা মুক্ত হয়ে হোটেল থেকে বেরিয়ে এসে জানান নির্বাচনের ফলাফল ছিনতাই হয়েছে এবং এর প্রতিবাদে তিনি আদালতে যাবেন।
শনিবার ফনসেকা সাংবাদিকদের বলেন,"জনগণের অধিকার আছে প্রতিবাদ করার এবং সেটা তারা করবেও। ইতোমধ্যেই প্রতিবাদ শুরু হয়েছে। জনগণের প্রেসিডেন্ট হিসাবে আমি তাদের প্রতি রাজনৈতিক হুমকি। জনগণ আমাকে নির্বাচিত করেছে আর ওরা আমার বিজয় ছিনিয়ে নিয়েছে।"
তিনি জানান, ব্যক্তিগত নিরাপত্তা রক্ষায় নিয়োজিত ৯০ জন সেনার মধ্য থেকে ৪ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া শুক্রবার তার কার্যালয়ে হানা দিয়ে পুলিশের বিশেষ কমান্ডো দল তার পক্ষে কাজ করা ১৫ জন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করে।
ফনসেকা বলেন,"তারা পরোক্ষভাবে আমাকে হত্যার চেষ্টা করছে, চেষ্টা করছে আমাকে আরও অরক্ষিত করে তোলার।"
সরকারের বক্তব্য, ফনসেকা এখন একজন অবসরপ্রাপ্ত সাধারণ সেনা কর্মকর্তা। তাই তাকে বিশেষ নিরাপত্তা দেওয়ার প্রশ্নই নেই।
ফনসেকা জানান, অবশিষ্ট তামিল টাইগারদের আক্রোশের শিকার হতে পারেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৭০০ ঘ.
bdnews24