তেহরান, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইরানে রুশ-নির্মিত একটি তুপোলেভ বিমানে আগুন ধরে অন্ততপক্ষে ৪০ জন আহত হয়েছে। বিমানটি ইরানের উত্তর-পূর্বাঞ্চলে অবতরণের সময় এ ঘটনা ঘটে।
রাষ্ট্রীয় বেতার রোববার এ খবর দিয়েছে।
ইরানের জরুরি চিকিৎসাসেবা বিভাগের প্রধান গোলামরেজা মাসুমি বলেছেন, "মাসাদ নগরীর বিমানবন্দরে অবতরণ করার সময় এ দুর্ঘটনায় বিমানটির ১৫৭ আরোহীর মধ্যে প্রায় ৪২ জন যাত্রী আহত হয়েছে।" আর কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
অবতরণের সময় বিমানটির শেষ প্রান্তে আগুন ধরে যায় বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। আগুন ধরার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ইরনা।
ইরনা আরও জানায় বিমানটি অনেক বোঝা নিয়ে মাটি স্পর্শ করে। এতে রানওয়ের কিছুটা অংশও ক্ষতিগ্রস্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯১৪ ঘ.
bdnews24