জেনেভা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরমাণু অস্ত্র তৈরিতে ব্যবহৃত সমৃদ্ধ ইউরেনিয়াম ও প্লুটোনিয়াম (ফিসাইল) উৎপাদন স্থগিত করা নিয়ে এখনই আলোচনা শুরু করতে রাজি নয় পাকিস্তান।
জেনেভায় জাতিসংঘের কার্যালয়ে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত জামির আকরাম চলতি সপ্তাহের প্রথম দিকে চীনা রাষ্ট্রদূত ওয়াং কানের কূটনীতিকদের সম্মানে আয়োজিত মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠানে ইসলামাদের অবস্থান পরিষ্কার করেন। অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজন কূটনীতিক একথা জানান।
জাতিসংঘের অর্থায়নে পরিচালিত কনফারেন্স অন ডিজআর্মামেন্ট (সিডি) ফিসাইলের উৎপাদন স্থগিতে আলোচনা শুরুর মাধ্যমে ফিসাইল ম্যাটেরিয়াল 'কাট-অফ' ট্রিটি (এফএমসিটি) করতে চাইছে। পাকিস্তানের এ অবস্থান সে প্রক্রিয়াকে বিলম্বিত করলো।
কূটনীতিকরা জানান, পাকিস্তান পরিষ্কারভাবেই পরাশক্তিদের অবহিত করেছে যে ফিসাইল উৎপাদন স্থগিত নিয়ে অদূর ভবিষ্যতে তারা কোনো আলোচনায় বসবে না।
এ বিষয়ে আকরামকে বেশ খোলাখুলি প্রশ্ন করা হয়েছিল বলে জানান তাদের একজন।
জবাবে আকরাম বলেন, "আমরা অদূর ভবিষ্যতে এফএমসিটি নিয়ে আলোচনা শুরু করার অবস্থায় নেই।"
শুক্রবার রয়টার্সকে তিনি বলেন, "আমাদের একটি অবস্থান আছে। যথাসময়েই আমরা তা পরিষ্কার করব।"
৬৫ সদস্যবিশিষ্ট জেনেভার বহুপাক্ষিক নিরস্ত্রীকরণ ফোরামের ১২ জনেরও বেশি জ্যেষ্ঠ কূটনীতিক মধ্যাহ্ন ভোজে অংশ নেন। এদের মধ্যে ইসরায়েল, উত্তর কোরিয়া ও ইরানের কূটনীতিকরাও ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এজে/১৮০৪ ঘ.
bdnews24