জাকার্তা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----ইন্দোনেশিয়া ধনী নাগরিকদের বিরল প্রজাতির সুমাত্রীয় বাঘ পুষতে দেবে। ১ বিলিয়ন রুপিয়ায় (১০৭,১০০ ডলার) পাওয়া যাবে এক জোড়া বাঘ।
গৃহে বাঘ লালন-পালন করতে দেওয়ার এ পরিকল্পনা অবৈধ বাঘ শিকার এবং বাণিজ্য কমানোয় সহায়ক হবে বলেই মনে করছে ইন্দোনেশিয়ার বন মন্ত্রণালয়।
কিন্তু পরিবেশবাদীরা এতে খেপেছে। বিরল প্রজাতির প্রাণী সংরক্ষণের ক্ষেত্রে এটি মোটেও ঠিক নয় বলে মন্তব্য করেছে তারা।
ইন্দোনেশিয়ার বনে মাত্র ৪ শ' সুমাত্রীয় বাঘ অবশিষ্ট আছে। বন উজাড় হয়ে যাওয়ার পাশাপাশি বনৌষধি এবং অবৈধভাবে বনের পশু পাখি সংগ্রহই এর প্রধান কারণ।
শুক্রবার দেশটির বন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এক জোড়া বাঘ ১ বিলিয়ন রুপিয়ায় পুষতে দেওয়া যেতে পারে। এতে করে এর অবৈধ শিকার এবং বাণিজ্য কমবে।
বন ও পরিবেশ সংরক্ষণ মন্ত্রণালয়ের পরিচালক জেনারেল দারোরি বলেন, "প্রচুর ধনী লোক বাঘ পুষতে চায়। বাঘের মালিক হতে পারলে কেউকাটা হয়ে যাবে বলে মনে করছে তারা। এসব প্রাণী সুরক্ষার জন্য আমাদেরকে সুকঠিন পদক্ষেপ নিতে হবে।"
তিনি জানান, বাঘ লালন-পালনকারীদের অবশ্যই তিন মাস অন্তর অন্তর সরকারি পরিদর্শকদের বাঘ পরিদর্শন করতে দিতে হবে। পরিদর্শক দলে থাকবেন একজন পশু চিকিৎসক, একজন পশুকল্যাণ কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।
বন্দি করে রাখা বাঘের মধ্য থেকেই পোষার জন্য বাঘ দেওয়া হবে। পাঁচ মিটার উঁচু, ছয় মিটার প্রশস্ত এবং ১০ মিটার লম্বা খাঁচায় ভরে তাদেরকে দেওয়া হবে।
দারোরি বলেন, "খাঁচাটি রীতিমতো আমার বাড়ির সমান। বাঘ যারা পালন করবেন তারা ধনী হওয়ায় এদেরকে অবশ্যই ভালো খাবার দেবেন।"
তবে বাঘগুলো রাষ্ট্রীয় সম্পত্তি হিসাবেই থাকবে এবং পালনকারীরা যদি বাঘগুলো আর পালতে না চায় তবে তাদের ফিরিয়েও নেওয়া হবে। পালনের সময় বাঘিনীর কোনও বাচ্চা হলে সেটিও রাষ্ট্রীয় সম্পত্তি হবে বলে তিনি জানান।
দারোরি এও জানান, পরিবেশবাদী ১২টি এনজিওর কাছ থেকে তিনি এ পরিকল্পনার বিরুদ্ধে অভিযোগ পেয়েছেন।
দারোরি বলেন,"পরিকল্পনাটি চালিয়ে নেওয়ার জন্য তাদেরকে আমরা পরামর্শের জন্য ডেকেছি। এ বিষয়ে একমত হলে যত দ্রুত সম্ভব পরিকল্পনাটি বাস্তবায়িত করা হবে।"
কিন্তু গ্রিন পিসের বন আন্দোলনকারী বুস্টার মাইটার জানান, এ পরিকল্পনা বাঘ ধ্বংসেরই সামিল।
তিনি বলেন, পরিকল্পনা দেখে মনে হচ্ছে সরকার সুমাত্রা বাঘের টিকে থাকার হুমকি তুলে ধরতে মোটেও আন্তরিক নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৭১২ ঘ.
bdnews24