ওয়াশিংটন, ১৫ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- যুক্তরাষ্ট্রের অর্থনীতির মন্দা মোকাবেলায় বড় বড় অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে দেওয়া মোটা অঙ্কের তহবিল ফেরত চেয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওয়াল স্ট্রিটের বৃহত্তম ব্যংকগুলোর কাছে ১১৭ বিলিয়ন ডলারের তহবিল করদাতাদের ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।
করদাতাদের তহবিল পুনর্গঠনের লক্ষ্যে ওবামা অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ওই ১১৭ বিলিয়ন ডলার পরিশোধের আহ্বান জানিয়েছেন।
২০০৮ সালে বিশ্বে চরম অর্থনৈতিক মন্দার সময় ব্যাংক ও গাড়ি তৈরির প্রতিষ্ঠানগুলোকে ৭০০ বিলিয়ন ডলারের উদ্ধার তহবিল (টিআরএপি) দিয়েছিল সরকার।
এখন সেই তহবিল পুনরুদ্ধারে ওবামা ওই প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ফি চেয়েছেন। যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি কমিয়ে আনতেও এ অর্থ কাজে লাগানো হবে বলে জানান তিনি।
ব্যাপক মুনাফা ও উচ্চ বোনাসের জন্য ব্যাংকারদের সমালোচনা করে ওবামা বলেন, "দেশের জনগণের কাছে ঋণী বড় বড় প্রতিষ্ঠানগুলো ব্যাপক মুনাফা করছে এবং বেশি মাত্রায় বোনাস নিচ্ছে এমন খবরের প্রেক্ষিতে আমি একটি একটি করে পয়সা ফেরত নিতে প্রতিশ্র"তিবদ্ধ।"
তিনি আরও বলেন, "কোম্পানিগুলোর মোটা অঙ্কের বোনাস নেওয়ার মতো সামর্থ্য থাকলে অর্থনীতি পুনরুদ্ধার তহবিল ফেরত দেওয়ারও সামর্থ্য থাকবে।"
বড় বড় ফার্মগুলোর ওপর ৫০ বিলিয়ন ডলারের সম্পদসহ ফি আরোপ করা হলে প্রথম ১০ বছরে ৯০ বিলিয়ন ডলার উঠে আসবে বলে আশা করছে ওবামা প্রশাসন।
যে সমস্ত ব্যাংক বা প্রতিষ্ঠান অর্থনীতি পুনরুদ্ধার তহবিল ইতোমধ্যেই পরিশোধ করেছে তারা এই ফি থেকে রেহাই পাবে না। এমনকি যে সমস্ত প্রতিষ্ঠান পুনরুদ্ধার তহবিল নেয়নি তাদের ওপরও এই ফি চাপানো হবে।
তবে প্রেসিডেন্টের এই প্রস্তাবে এখনও কংগ্রেসের অনুমোদন প্রয়োজন পড়বে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৩৫ ঘ.
bdnews24