পোর্ট অ প্রিন্স ১৩ জানুয়ারি(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভূমিকম্পে বাড়িঘর, অফিস ভবন ও স্কুলের মতো অগণিত স্থাপনা গুঁড়িয়ে গিয়ে হাজার হাজার লোকের প্রাণহানি হয়েছে বলে আশঙ্কা করছেন হাইতির নেতারা।
এদিকে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ উদ্ধার ও ত্রাণ কাজের প্রস্তুতি নিচ্ছে।
হাইতির প্রধানমন্ত্রী জাঁ ম্যাক্স বেলেরিভ রয়টার্সকে বলেন, রাজধানী পোর্ট অব প্রিন্সে হাজার হাজার ভবন ধ্বসে গেছে।
তার ধারণা নিহতের সংখ্যা "হাজার হাজারের কোঠায়" হবে। তবে প্রধানমন্ত্রী বলেন, সরকারি কোনো সুনির্দিষ্ট সংখ্যা বলা এখন সম্ভব নয়।
এর কিছু পরই অবশ্য সিএনএনকে বেলেরিভ বলেন, একলাখের বেশি লোক নিহত হয়ে থাকতে পারে।
হাইতির প্রেসিডেন্ট রেনে প্রেভাল ক্ষয়ক্ষতিকে 'অকল্পনীয়' বলে বর্ণনা করেন। তিনি মৃতদেহের ওপর দিয়ে লোকজনের চলাফেরা এবং গুড়িয়ে যাওয়া পার্লামেন্ট ভবনের ভেতরে আটকা পড়া লোকের আর্তচিৎকার শোনার কথা বলেন। সিনেটের প্রেসিডেন্ট নিজেও সেখানে আটকা ছিলেন।
রাজধানীর একটি কিণ্ডারগার্টেন ভেঙে পড়া ভবনের নিচ থেকে এক নারী রয়টার্সের এক সাংবাদিককে আর্তকণ্ঠে বলেন, "আমি মারা যাচ্ছি। দয়া করে আমাকে বের করুন। আমার সঙ্গে দুটি শিশু রয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এসকে/০০৪৪ঘ.
bdnews24