২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান নিরাপত্তায় আরও 'বডি স্ক্যানার' বসাবে যুক্তরাষ্ট্র

নিরাপত্তা রক্ষায় বিমানবন্দরগুলোতে যাত্রীদের পূর্ণ-দেহ তল্লাশি স্ক্যানার ব্যবহার আরও বাড়াবে যুক্তরাষ্ট্র। বিভিন্ন বিমানবন্দরে বসানো হবে এ ধরনের শতাধিক স্ক্যানার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2010, 08:48 AM

Updated : 24 Aug 2022, 06:05 PM

ওয়াশিংটন, জানুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---নিরাপত্তা রক্ষায় বিমানবন্দরগুলোতে যাত্রীদের পূর্ণ-দেহ তল্লাশি স্ক্যানার ব্যবহার আরও বাড়াবে যুক্তরাষ্ট্র। বিভিন্ন বিমানবন্দরে বসানো হবে এ ধরনের শতাধিক স্ক্যানার। একইসঙ্গে উন্নতমানের বিমান নিরাপত্তা প্রযুক্তি নিয়ে কাজ করার পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশগুলোকেও একইধরনের পদক্ষেপ নিতে চাপ দেওয়ার পরিকল্পনা বৃহস্পতিবার জানিয়েছে ওবামা প্রশাসন। বড়দিনে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটগামী বিমান বোমা মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টার ঘটনার পর বিমানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কঠোর করতে নতুন কয়েকটি পদক্ষেপের ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, "যুক্তরাষ্ট্রে প্রতিদিন অভ্যন্তরীন ও আন্তর্জাতিক হাজার হাজার ফ্লাইটের নিরাপত্তা চটজলটি নিশ্চিত করার কোনও ব্যবস্থা নেই। এটি করতে গেলে অনেক ক্ষেত্রেই ভালোরকম বিনিয়োগের প্রয়োজন পড়বে।" যুক্তরাষ্ট্রে বর্তমানে বিভিন্ন বিমানবন্দরে ৪০ টি পূর্ণ-দেহ তল্লাশি স্ক্যানার চালু আছে। তারপরও সরকার গত বছর দুটি কোম্পানীর কাছ থেকে ১৩ থেকে ১৭ লাখ ডলার ব্যয়ে আরও ১৫০ টি বডি-স্ক্যানার কিনেছে। এরকম আরও ৩০০ টি স্ক্যানার কেনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের 'ট্রান্সপোর্টেশন সিকিউরিটি এডমিনিস্ট্রেশন' (টিএসএ)। নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, বিমানবন্দরগুলোতে দেহ তল্লাশির জন্য বর্তমানে যে সমস্ত পদ্ধতি চালু রয়েছে তা সব হুমকি ধরার জন্য যথেষ্ট নয়। ফলে দেহ তল্লাশির জন্য আরও উন্নতমানের হাতিয়ার তৈরিতে উদ্যোগী হচ্ছে প্রশাসন। বিশেষ করে দেহে লুকানো বিস্ফোরকের অবস্থান চিহ্নিত করার ওপর বেশি জোর দেওয়া হচ্ছে। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি জ্যানেট নেপোলিটানো এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, সরকার খুব শিগগিরি পরিকল্পনামাফিক পূর্ণ দেহ তল্লাশি স্ক্যানার চালুর ব্যবস্থা নেবে। এ পদ্ধতিতে রেডিও ওয়েভ ব্যবহারের মাধ্যমে মানুষের পোশাকের নীচের দেহের ত্রি-মাত্রিক ছবি তুলে তাতে লুকানো কোনও কিছুর অবস্থান চিহ্নিত করা যাবে। বিমান নিরাপত্তা নিশ্চিত করতে আরও উন্নতমানের প্রযুক্তি উদ্ভাবনের জন্য হোমল্যান্ড সিকিউরিটি এনার্জি ডিপার্টমেন্টের বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করবে বলেও জানান নেপোলিটানো। মার্কিন প্রশাসন বলছে, বিমান নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করাটা আন্তর্জাতিক দায়িত্বের পর্যায়ে পড়ে। বিশেষ করে ডেট্রয়েটের ওই ঘটনার পর। বড়দিনের ওই ঘটনায় বিমানটি আমস্টারডাম থেকে ডেট্রয়েটে যাচ্ছিল। ফলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য বিদেশের বিমানবন্দরে দেহ তল্লাশি ব্যবস্থা জোরাল হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন নেপোলিটানো। তিনি বলেন, "আর একারণেই বিদেশি কর্তৃপক্ষকে বিমান নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করতে আরও উন্নত প্রযুক্তির ব্যবহার এবং একইরকম কঠোর তল্লাশি ব্যবস্থা নেওয়ায় উৎসাহিত করতে আমরা যাথাসাধ্য সবকিছু করব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৪০ ঘ.