২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ জ্যোতি বসুকে দেখতে কলকাতা যাচ্ছেন মনমোহন

অসুস্থ জ্যোতি বসুকে দেখতে বৃহস্পতিবার কলকাতা যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2010, 06:03 AM

Updated : 24 Aug 2022, 06:05 PM

ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অসুস্থ জ্যোতি বসুকে দেখতে বৃহস্পতিবার কলকাতা যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। প্রবীণ কমিউনিস্ট নেতা জ্যোতি বসুর অবস্থা আশঙ্কাজনক। কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়েছে তাকে। নিউমোনিয়ায় আক্রান্ত হলে পশ্চিমবঙ্গের সাবেক এ মুখ্যমন্ত্রীকে গত শুক্রবার হাসপাতালে নেওয়া হয়। ভারতের বেসরকারি টেলিভিশন এনডিটিভি জানায়, অসুস্থ কমিউনিস্ট নেতাকে দেখতে প্রধানমন্ত্রী মনমোহন সিং বৃহস্পতিবার কলকাতা যাচ্ছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন অর্থমন্ত্রী প্রণব মুখার্জিও। জ্যোতি বসুর দল ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক প্রকাশ কারাতও কলকাতা যাচ্ছেন। জ্যোতি বসু সিপিএম এর পলিটব্যুরো সদস্য। অসুস্থ কমিউনিস্ট নেতার ব্যক্তিগত সহকারী জয়কেষ্ট ঘোষ বার্তা সংস্থা পিটিআইকে জানান, বুধবার জ্যোতি বসুর অবস্থার অবনতি হলে তাকে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস দেওয়া হয়। বৃহস্পতিবারও তার অবস্থা অপরিবর্তিত রয়েছে। ৯৫ বছর বয়সি জ্যোতি বসু এএমআরআই হাসপাতালে চিকিৎসাধীন। একটি মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে। টানা ২৩ বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলানোর পর অসুস্থতার কারণে ২০০০ সালে বুদ্ধদেব ভট্টাচার্যের হাতে দায়িত্ব ছেড়ে দেন জ্যোতি বসু। এরপর থেকে শারীরিক অবস্থা নিয়ে টানাপোড়েনের মধ্য দিয়েই তাকে চলতে হচ্ছে। গত বছর লোকসভা নির্বাচনের সময় অসুস্থ হয়ে পড়লে ভোট দিতে পারেননি তিনি। ১৯১৪ সালে জন্ম নেওয়া জ্যোতি বসুর পৈত্রিক নিবাস বাংলাদেশের নারায়ণগঞ্জে। অবিভক্ত ভারতে কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে বাংলাদেশে শ্রমিক আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখেন তিনি; মুখ্যমন্ত্রী হয়ে বাংলাদেশেও বেশ কয়েকবার আসেন। ১০ বছর আগে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ এসেছিলো জ্যোতি বসুর সামনে। কিন্তু দলীয় সিদ্ধান্তের কারণে তা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমআই/১১৪৯ ঘ.