ক্যানবেরা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দক্ষিণ সাগরে বুধবার তিমি শিকার বিরোধী একটি স্পীড বোট ডুবিয়ে দিয়েছে জাপানের তিমি শিকারীরা। তিমি শিকার-বিরোধী কর্মীরা এ অভিযোগ করেছে।
জাপানের তিমি শিকারী জাহাজ উন্নত প্রযুক্তির ওই প্রতিবাদকারী স্পীড বোটকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয়। তবে জাপান বলছে, চেষ্টা করেও সংঘর্ষ এড়ানো যায়নি।
সী শেফার্ড কনজারভেশন সোসাইটি বলেছে, জাপানি নিরাপত্তা জাহাজ শোনান মারু নাম্বার-২ এর ধাক্কায় তাদের এডি জিল নামের জাহাজটি দু ভাগ হয়ে গেছে।
এ ঘটনার পর অস্ট্রেলিয়া সরকার সংশ্লিষ্ট সব পক্ষকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছে।
সী শেফার্ড জানায়, জাহাজে থাকা সব (৬ জন) নাবিককে উদ্ধার করা হলেও সংঘর্ষে এক প্রতিবাদী কর্মীর পাঁজরের দুটো হাড় ভেঙে গেছে। শুধু তাই নয়, দেড় মিলিয়ন অস্ট্রেলীয় ডলার মূল্যের কার্বন ফাইবার বোঝাই নৌকাও ডুবতে বসেছে।
সী শেফার্ডের অস্ট্রেলীয় পরিচালক জেফ হেনসেন রয়টার্সকে বলেন,"এটি ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে। কারণ, আমাদের জাহাজটি পুরোপুরি থেমে ছিল। আর ওরা মূলত সামনের দিক থেকে সরাসরি আসছিল।"
তবে জাপানের ফিশারিজ এজেন্সি জানায়, এডি জিল হঠাৎ করেই ধীরগতির হয়ে যায় এবং মনে হচ্ছিল তা শোনান মারুকে অতিক্রম করতে যাচ্ছে। শোনান মারু থেকে ওদের সতর্কও করা হয়েছিল। তাছাড়া এডি জিল থেকে কোনও বিপদ সঙ্কেতও দেওয়া হয়নি এবং জানানো হয়নি তারা ডুবে যাচ্ছে।
ফিশারিজ এজেন্সি আরও জানায়, শোনান মারুর তেমন কোনও ক্ষতি হয়নি এবং ক্রুরাও বহাল তবিয়তে আছে।
তারা বলেছে,"সী শেফার্ডের পক্ষ থেকে বার বারই নানাবিধ বিপত্তিমূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে। এতে করে সাগরে যারা গবেষণার প্রয়োজনে তিমি শিকারে লিপ্ত তারা বিপদগ্রস্ত হচ্ছে এবং তাদের সম্পদ নষ্ট হচ্ছে। এটা ক্ষমার অযোগ্য।"
১৯৮৬ সালের এক চুক্তির মাধ্যমে বাণিজ্যিকভাবে তিমি শিকার নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু তারপরও গবেষণার দোহাই দিয়ে তিমি শিকার চালিয়ে যাচ্ছে জাপান। ব্যাপারটি তিমি শিকারবিরোধী আন্দোলনকারীদের কাছে যথেষ্টই সমালোচিত।
অস্ট্রেলিয়ার পরিবেশমন্ত্রী দক্ষিণ সাগরে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, ওই অঞ্চলে তারা কোনও টহল নৌকা পাঠাবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৮৩৬ ঘ.
bdnews24