ওয়াশিংটন, জানুয়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের পরমাণু কর্মসূচি বন্ধের জন্য সরকার এবং রেভল্যুশনারি গার্ড বাহিনীকে চাপ দিতে নুতন নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন একথা জানিয়েছেন।
কাতারের প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিম আল-থানির সঙ্গে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, "ইরানকে চাপ দেওয়া কিংবা নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে সমমনা দেশ ও মিত্রদের সঙ্গে আমরা আলোচনা শুরু করেছি।"
হিলারি আরও বলেন, "ইরানের সাধারণ মানুষকে কোনও ভোগান্তিতে না ফেলে ইরান সরকার বিশেষ করে রেভল্যুশনারি গার্ডকে চাপ দেওয়াই আমাদের উদ্দেশ্য। কেননা, সাধারণ মানুষ বর্তমান পরিস্থিতির চেয়ে ভাল কিছু প্রত্যাশা করে।"
পরমাণু কর্মসূচি নিয়ে তেহরানের নীতি পরিবর্তনের জন্য নিষেধজ্ঞার পাশাপাশি আলোচনা চালিয়ে যাওয়ার 'দ্বৈত-পথ' অনুসরণের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। ইরান বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে।
কর্মকর্তারা জানিয়েছেন, রেভল্যুশনারি গার্ড এবং ইরানি নেতাদের সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠান, ব্যক্তিদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞাসহ আরও কিছু নিষেধাজ্ঞা বাড়ানোর চিন্তা করছে হোয়াইট হাউস।
এর আগে ইউরেনিয়াম বিদেশে সমৃদ্ধকরণের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব নাকচ করে দেয় ইরান। এ বিষয়ে ইরানকে একটি সময়সীমা বেঁধে দিয়েছিল যুক্তরাষ্ট্র।
এ বিষয়ে ক্লিনটন বলেন, "আমরা সময়সীমা শব্দটি ব্যবহার বাদ দিয়েছি...কেননা আমরা আলোচনার দ্বার খোলা রাখতে চাই। সেইসঙ্গে আমরা এ বিষয়টিও পরিস্কার জানিয়ে দিয়েছি যে, আমরা অপেক্ষা করে বসে থাকব না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩৪৭ ঘ.
bdnews24