জাতিসংঘ, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ২০০৭ সালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ড তদন্তের সময় ৩ মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে জাতিসংঘ। কাজের মাত্রা বেশি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘ পরিচালিত তদন্ত কমিশন এক বিবৃতিতে একথা জানায়।
তিন সদস্যের এ কমিশন গত ছয় মাস ধরে তদন্ত করে এসেছে। ৩১ ডিসেম্বর তাদের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল।
বিবৃতিতে বলা হয়, "পাকিস্তানে কমিশন প্রচুর তথ্য সংগ্রহ করেছে এবং পরবর্তী আরও কিছু কাজ সম্পন্ন করে প্রতিবেদনটি তৈরির জন্য তারা অতিরিক্ত সময় চেয়েছে। "
জাতিসংঘের মহাসচিব বান কি মুন পাকিস্তান সরকার এবং নিরাপত্তা পরিষদকে এ বিষয়ে অবহিত করে জানিয়েছেন, ৩১ মার্চ ২০১০ সাল পর্যন্ত তদন্তের সময় বাড়ানো হয়েছে।
চিলির জাতিসংঘ দূত হেরাল্ডো মুনজের নেতৃত্বাধীন কমিশন, সন্দেহভাজন আততায়ীদের পরিচয় পাওয়ার আশা করছেন না। তবে কমিশনের সংগ্রিহীত তথ্য পাকিস্তান সরকারের তদন্তকাজ সহজ করে দেবে।
২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে এক নির্বাচনী সভা শেষে ফেরার সময় আততায়ীর হামলায় নিহত হন বেনজির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৬৫৯ ঘ.
bdnews24