২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে টাইফুনে নিহতের সংখ্যা বেড়ে ১৪০

ফিলিপাইনে টাইফুনে নিহতের সংখ্যা বেড়ে ১৪০ হয়েছে। দুর্গতদের সাহায্যে সরকার তড়িঘড়ি ব্যবস্থা নিলেও ত্রাণ সাহায্যে ঢিলেমি এবং অপর্যাপ্ত পদক্ষেপ নিয়ে সরকারের বিরুদ্ধে জনরোষ বাড়ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2009, 12:41 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

ম্যানিলা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিপাইনে টাইফুনে নিহতের সংখ্যা বেড়ে ১৪০ হয়েছে। দুর্গতদের সাহায্যে সরকার তড়িঘড়ি ব্যবস্থা নিলেও ত্রাণ সাহায্যে ঢিলেমি এবং অপর্যাপ্ত পদক্ষেপ নিয়ে সরকারের বিরুদ্ধে জনরোষ বাড়ছে। মৃতের সংখ্যা ১৪০ এ দাঁড়ানোয় এবং দুর্যোগ সামাল দেওয়া নিয়ে সরকারের বিরুদ্ধে জনরোষের প্রভাব রাজনীতিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। জনমত জরিপে ফিলিপাইনের প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপাগাল অ্যারোয়োর জনপ্রিয়তা এমনিতেই কমে এসেছে। এবার ২০১০ সালের মে মাসের নির্বাচনী প্রার্থী প্রতিরক্ষামন্ত্রী গিলবার্টো থিওডোরের জনসমর্থনও কমে আসার আশঙ্কা করা হচ্ছে। দুর্যোগ সামলানো নিয়ে জনরোষে তার জনসমর্থন জিরোতে নেমে আসতে পারে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট নেলসন নাভারো। টাইফুনের আঘাতে ফিলিপাইনে ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৫০,০০০ মানুষ। গৃহহীন হয়েছে ১৫০,০০০ মানুষ। কর্মকর্তারা বলছেন, টাইফুনে সৃষ্ট ভযাবহ বন্যায় অর্থনৈতিক ক্ষতির পরিমাণ প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন পেসো। টেলিভিশনে দেখা গেছে পানিতে তলিয়ে যাওয়া বাড়িঘর। ম্যানিলায় বাড়িঘরের ছাদে আশ্রয় নিয়েছে দুর্গতরা। তারা সাহায্যের আবেদন জানাচ্ছে। টেলিভিশনে এক বার্তায় প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপাগাল অ্যারোয়ো লোকজনকে শান্ত থাকার আহ্বান জানিয়ে সাহায্য দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছেন। জাতীয় দুর্যোগ সমন্বয় কাউন্সিলের মুখপাত্র সাংবাদিকদের বলেছেন, "আমরা লোকজনকে সাহায্য করার আপ্রাণ চেষ্টা করছি। দেরী হওয়ার জন্য আমরা দুঃখিত। বন্যাকবলিত এলাকায় উদ্ধার তৎপরতায় কঠিন পরিস্থিতির মুখে পড়ছি আমরা।" ম্যানিলার ৮০ শতাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে বলে জানানো হয়েছে কয়েকটি প্রতিবেদনে। ম্যানিলাসহ ২৫ টি অঞ্চলকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করেছেন অ্যারোয়ো। এসব এলাকায় জরুরি ভিত্তিতে উদ্ধার তৎপরতা এবং ত্রাণ কাজ চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩৬ ঘ.